Advertisement

ভারতে আবারও আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

এশিয়া পোস্ট ডেস্ক
ভারতে আবারও আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির
সংবাদ সম্মেলনে কথা বলছেন সিজেপি মুখপাত্র সৌরভ দাস, আশুতোষ রাংকা ও প্রবীণ আইনজীবী কপিল সিবাল। ছবি: সংগৃহীত

ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষা নিটের প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো পুলিশি পদক্ষেপ না নেওয়ার চুক্তি লঙ্ঘন করে শিক্ষার্থীদের গ্রেপ্তার ও হয়রানির অভিযোগ উঠেছে। বিহার ও পশ্চিমবঙ্গে শিক্ষার্থীদের গ্রেপ্তার এবং দিল্লিতে হয়রানির ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। চুক্তি অনুযায়ী সব এফআইআর প্রত্যাহার ও গ্রেপ্তারকৃত শিক্ষার্থীদের মুক্তি না দেওয়া হলে আবারও দেশজুড়ে আন্দোলনের কঠোর হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সিজেপির জাতীয় মুখপাত্র আশুতোষ রাংকা বলেন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো পুলিশি ব্যবস্থা না নেওয়ার যে সমঝোতা হয়েছিল, তা পুরোপুরি লঙ্ঘিত হচ্ছে।

তিনি জানান, আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেওয়ার প্রতিশ্রুতি সত্ত্বেও বিহার ও বাংলায় শত শত শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া দিল্লিতেও শত শত শিক্ষার্থীকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে।

একাধিক প্রতিবেদনের তথ্য তুলে ধরে রাংকা দাবি করেন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা সব এফআইআর অবিলম্বে প্রত্যাহার করতে হবে। পাশাপাশি গ্রেপ্তারকৃতদের মুক্তি দিতে হবে এবং চুক্তি অনুযায়ী দিল্লি পুলিশ, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা বিজেপি শাসিত রাজ্যগুলোর পুলিশ যেন ভবিষ্যতে নতুন কোনো মামলা না করে।

তিনি সাফ জানিয়ে দেন, দাবি না মানলে সিজেপি আবারও আন্দোলনে নামবে। এ ছাড়া আইনি মামলা ও সরকারের সঙ্গে নির্ধারিত সময়সীমার বিষয়ে লিখিত চুক্তিটি যেন দ্রুত প্রকাশ করা হয়, সে দাবিও জানান তিনি।

এদিকে সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস এক্সে জানান, আন্দোলন শুরুর প্রথম দিন থেকে তারা বিক্ষোভকারীদের আইনি সহায়তা দিয়ে আসছেন। তিনি ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জে পি নাড্ডা এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীকে দ্রুত দেশের বিভিন্ন স্থানে আটকে থাকা বিক্ষোভকারীদের মুক্তি দিয়ে দেওয়া কথা রাখার আহ্বান জানান। সরকার প্রতিশ্রুতি রক্ষা করবে—এমন আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করা হয়েছিল উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের পরিস্থিতি পর্যবেক্ষণের আশ্বাস দেন।

বিহারে শিক্ষার্থী গ্রেপ্তারের খবরের পর অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) জাতীয় সভাপতি নেহা বোরা পাটনায় পৌঁছান। সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রতিবাদ করার জন্য শিক্ষার্থীদের গ্রেপ্তার করা এবং তাদের বিরুদ্ধে চেষ্টার মতো গুরুতর ধারা যুক্ত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি দ্রুত সব মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে হুঁশিয়ারি দেন, অন্যথায় বিহারেও দিল্লির মতো তীব্র আন্দোলন গড়ে উঠবে।

তিনি সাফ জানান, যতক্ষণ না পর্যন্ত গ্রেপ্তার হওয়া প্রতিটি শিক্ষার্থী আন্দোলনকারী মুক্তি পাচ্ছে, ততক্ষণ এই আন্দোলন থামবে না। ভিন্নমত পোষণের অধিকার একটি সাংবিধানিক অধিকার, কোনো অপরাধ নয়। কোনো সরকার তা কেড়ে নিতে পারে না।

নিট পরীক্ষায় কথিত অনিয়মের অভিযোগে গত ২০ জুন আন্দোলন শুরু করেছিল সিজেপি। পরে পরিবেশকর্মী সোনম ওয়াংচুকের ২৬ দিনের অনশনের পর আন্দোলন চূড়ান্ত রূপ নেয়। দীর্ঘ ৩৬ দিনের এই আন্দোলন সম্প্রতি স্থগিত করা হয়। তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং শান্তিকামী আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার আশ্বাস পেয়েই সিজেপি তাদের কর্মসূচি প্রত্যাহার করেছিল।

অন্য এক প্রসঙ্গে গত সোমবার ভারতের সুপ্রিম কোর্ট জোর দিয়ে বলেছেন, আন্দোলন চলছে বলেই পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ বা সহিংসতা চালানো যাবে না। রাজ্যসভার সংসদ সদস্য মনোজ ঝা-সহ বেশ কয়েকটি আবেদনের শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ জানান, গণতান্ত্রিক প্রক্রিয়ায় শৃঙ্খলা থাকা আবশ্যক।

প্রধান বিচারপতি বলেন, প্রতিবাদের অধিকার, শান্তিপূর্ণ প্রতিবাদ, আইনানুগ প্রতিবাদ আমাদের সাংবিধানিক কাঠামোর অধীনে পুরোপুরি সুরক্ষিত। যতক্ষণ একটি আন্দোলন শান্তিপূর্ণ থাকে, কেবল আন্দোলন হচ্ছে বলেই সেখানে অতিরিক্ত বলপ্রয়োগ করা যাবে না।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস