ইরান যুদ্ধে জয় ঘোষণা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জয় নিশ্চিত হয়েছে। তারা এখন একটি চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছে।
হোয়াইট হাউসে হোমল্যান্ড সিকিউরিটির নতুন সেক্রেটারি মার্কওয়েন ম্যুলিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে মঙ্গলবার (২৪ মার্চ) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ মন্তব্য করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
এ সময় ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের ‘সঠিক লোকজনের’ সঙ্গেই আলোচনা চালাচ্ছে।
যুদ্ধে শান্তি চুক্তির বিষয়ে প্রশ্ন করা হলে জবাবে তিনি সরাসরি দাবি করে বলেন, ‘যুদ্ধে আমরা জয়ী হয়েছি।’ তবে আনুষ্ঠানিক কবে বা কীভাবে যুদ্ধ শেষ হতে পারে সে বিষয়ে স্পষ্ট কোনো জবাব দেননি তিনি।
যুক্তরাষ্ট্র-ইরান-ইসরায়েল যুদ্ধের ২৬তম দিন আজ। ট্রাম্প বলেছেন, ইরান যুদ্ধ অবসানে আলোচনা চলছে এবং যুক্তরাষ্ট্র যাদের সঙ্গে কথা বলছে তারা চুক্তি করতে ‘খুবই আগ্রহী’। তবে, ট্রাম্পের এই মন্তব্যের একদিন আগেই ইরানি কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি বলে দাবি করে আলোচনার খবরটিকে ‘ভুয়া’ বলে উল্লেখ করেছেন।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানের সঙ্গে আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন ট্রাম্প। তিনি আশা প্রকাশ করেছেন, একটি সমঝোতা চুক্তি কাছাকাছি রয়েছে। এক ইরানি একটি সূত্র সংবাদমাধ্যম সিএনএনকে জানিয়েছে, যুদ্ধ শেষ করতে ‘টেকসই’ প্রস্তাব শুনতে প্রস্তুত তেহরান।
এদিকে কোনো চুক্তি ‘বাস্তবসম্মত বলে মনে হচ্ছে না’ দাবি করে ইসরায়েল ইরানে নতুন করে হামলা চালিয়েছে। তেহরান থেকেও তেল আবিবে পাল্টা হামলা করা হয়েছে।
আরও পড়ুন




