Advertisement

সাংবাদিককে হল প্রভোস্টের জেরা, শিক্ষার্থীদের বললেন ‘বেইমান’

এশিয়া পোস্ট নিউজ, যবিপ্রবি
সাংবাদিককে হল প্রভোস্টের জেরা, শিক্ষার্থীদের বললেন ‘বেইমান’
হল প্রভোস্ট ড. নাজনীন নাহার। ছবি: সংগৃহীত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) তাপসী রাবেয়া ছাত্রী হলের ডাইনিং ব্যবস্থার অনিয়ম ও সেবার মান নিয়ে সংবাদ প্রকাশের পর সাংবাদিককে ফোন করে জেরা করার অভিযোগ উঠেছে হল প্রভোস্ট ড. নাজনীন নাহারের বিরুদ্ধে। এ সময় তিনি সাংবাদিকদের কাছে অভিযোগ জানানো ছাত্রীদের ‘বেইমান’ বলেও আখ্যায়িত করেন।

মঙ্গলবার (২৮ জুলাই) তিনি সাংবাদিককে ফোন করে জেরা করেন বলে জানা গেছে।

সম্প্রতি তাপসী রাবেয়া হলের ডাইনিং ব্যবস্থাপনা নিয়ে শিক্ষার্থীদের অভিযোগ এবং হল প্রশাসনের নতুন সিদ্ধান্ত-টানা তিন মাস নির্ধারিত মিল না নিলে আবাসিক সিট বাতিলের বিষয়ে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশের পর হলের প্রভোস্ট ‘দৈনিক আজকালের কণ্ঠ’ পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ও বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ইমরান হোসেনকে ফোন করে জেরা করেন।

হল প্রভোস্ট ড. নাজনীন নাহার সাংবাদিক ইমরানকে ফোন দিয়ে বলেন, কারও এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তুমি আমার সম্মান নিয়ে টানাটানি করেছ। তুমি আমাকে ফোন দেওয়ার পরে আমি অফিসে গিয়ে সবার সঙ্গে কথা বলেছি। যাদের ব্যাপারে অভিযোগ এসেছে সবাইকে সতর্ক করেছি। তারপরেও কেন তোমরা নিউজ করলে। এই হলের অবস্থা আগে আরও খারাপ ছিলো। আমি আসার পর সেগুলো উন্নতি করেছি। হলের ছাত্রীরা হলো সব বেইমান, আরেক প্রভোস্ট আসুক দেখি কি করে।

তিনি আরও বলেন, তোমাদের যা মনে চায় লেখ, আমি তোমাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। তোমাদের সাহস কী করে হয়, বিশ্ববিদ্যালয়ের একজন সিনিয়র শিক্ষককে নিয়ে লেখালেখি করার। আমার একটা সম্মান আছে, আমার স্বামীর একটা সম্মান আছে। তোমরা আমাকে নিয়ে পত্রিকায় এভাবে লিখতে পারো না।

সাংবাদিকদের এ রকম লেখালেখির কারণে হল প্রভোস্টের পদ থেকে অব্যাহতি নেওয়ার কথাও জানান তিনি।

এ বিষয়ে জানতে তাপসী রাবেয়া হলের প্রভোস্ট ড. নাজনীন নাহারের সঙ্গে যোগাযোগ করা হলে এশিয়া পোস্টকে তিনি বলেন, আমি এ বিষয়ে কোনো কথা বলতে চাচ্ছি না।