জাবিতে ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্তকে ধরতে পুরস্কার ঘোষণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গত ১২ মে রাতে এক শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় অভিযুক্তকে শনাক্তে পুরস্কার ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার (২১ মে) বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. আবদুর রব এবং প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম।
এ সময় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারে একাধিক পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সংবাদ সম্মেলনে প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম নতুন গৃহীত পাঁচটি সিদ্ধান্ত তুলে ধরেন। সেগুলো হলো, ঘটনার তদন্তে সাত সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে, যা ইতোমধ্যে কাজ শুরু করেছে। অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তারে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে।
এদিকে জেলা পুলিশ, র্যাব, ডিবি, পিবিআই, সিআইডি ও ডিএমপিসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে অভিযান চালাচ্ছে। পুলিশ সাইবার টিম ও র্যাবের ইন্টেলিজেন্স উইংও অনুসন্ধান চালাচ্ছে। এ ছাড়া সরকারের উচ্চ পর্যায় থেকেও আসামিকে দ্রুত গ্রেপ্তারের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. আবদুর রব বলেন, ‘এ ন্যক্কারজনক ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন উদ্বেগ প্রকাশ করছে। ঘটনার পর বিভিন্ন ছাত্রসংগঠন ও শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভায় ১৪টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়, যা ইতোমধ্যে বাস্তবায়ন শুরু হয়েছে।’
তিনি জানা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বুলিং ও র্যাগিং প্রতিরোধে ‘শিক্ষাপ্রতিষ্ঠানে বুলিং ও র্যাগিং প্রতিরোধ সংক্রান্ত নীতিমালা-২০২৩’ অনুযায়ী স্থায়ী কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান, সহকারী প্রক্টরসহ প্রশাসনের কর্মকর্তারা।





