পিস্তল-গুলিসহ কিশোর গ্যাংয়ের ৪ সদস্য আটক

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার মানিকদী এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত চার শিশুকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বলেছেন, মঙ্গলবার (২৮ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে মানিকদী আমতলা এলাকায় গুলিবিদ্ধ হওয়ার একটি ঘটনার তদন্ত করতে গিয়ে গোপন সংবাদের ভিত্তিতে চার শিশুকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বাসার ছাদের ইটের স্তূপের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা পুলিশকে জানিয়েছে, পার্টি করার সময় অস্ত্রটি প্রদর্শনের একপর্যায়ে অসাবধানতাবশত গুলি ছুটে একজন গুলিবিদ্ধ হন। এ ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করে এবং সংশ্লিষ্টদের শনাক্ত করে।
পুলিশের দাবি, আটককৃতরা দীর্ঘদিন ধরে অস্ত্রটি ব্যবহার করে কিশোর গ্যাংয়ের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। উদ্ধার করা অস্ত্রের উৎস এবং তাদের অপরাধমূলক কর্মকাণ্ডের বিস্তৃতি সম্পর্কে আরও তদন্ত চলছে।
এ ঘটনায় অস্ত্র আইনে ক্যান্টনমেন্ট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আটক চার শিশুকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
.png)





