আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এভেনজোর ইন্টারন্যাশনাল স্কুল

শিক্ষা, জ্ঞানচর্চা ও উদ্ভাবনের নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে এভেনজোর ইন্টারন্যাশনাল স্কুল। পূর্বের অনলাইন ফাউন্ডেশন স্কুল নতুন পরিচয়, নতুন দৃষ্টিভঙ্গি এবং আরও বিস্তৃত লক্ষ্য নিয়ে এখন থেকে এভেনজোর ইন্টারন্যাশনাল স্কুল নামে কার্যক্রম পরিচালনা করবে।
শনিবার (১১ জুলাই) ঢাকা সেনানিবাসের প্রয়াস হলে আয়োজিত এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানের নতুন পরিচয়ের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন এভেরোজ ইন্টারন্যশনাল স্কুল ও এভেনজোর ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক খান মো. আক্তারুজ্জামান।
২০২৬-২৭ শিক্ষাবর্ষের অরিয়েন্টেশন অনুষ্ঠানটি শুরু হয় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে। এরপর শিক্ষার্থীদের পরিবেশনায় বাংলা ও ইংরেজি কবিতা আবৃত্তি, ইসলামী সংগীত, আরবি নাশিদসহ বিভিন্ন মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। পুরো অনুষ্ঠানটির সঞ্চালনাও করেন এভেনজোর ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরাই, যা তাদের আত্মবিশ্বাস ও দক্ষতার অনন্য প্রকাশ ঘটায়।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল একাডেমিক এক্সিলেন্স এওয়ার্ড প্রদান। এ উপলক্ষে তিনটি বিভাগে শিক্ষার্থীদের সম্মাননা জানানো হয়—একাডেমিক কৃতিত্ব, হিফজুল কোরআনে বিশেষ সাফল্য এবং পুরো শিক্ষাবর্ষে শতভাগ উপস্থিতি। সম্মানিত অতিথিদের হাত থেকে ক্রেস্ট গ্রহণ করে কৃতী শিক্ষার্থীরা। এ সময় উপস্থিত অভিভাবক ও অতিথিদের করতালিতে পুরো মিলনায়তন মুখরিত হয়ে ওঠে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিয়ারসন এডেক্সেলের রিজিওনাল ডেভেলপমেন্ট ম্যানেজার (বাংলাদেশ ও নেপাল) লিটন আব্দুল্লাহ এবং অনলাইন গ্রুপের চেয়ারম্যান ও এভেরোজ ইন্টারন্যশনাল স্কুল ও এভেনজোর ইন্টারন্যাশনাল স্কুলের ভাইস চেয়ারম্যান সাজেদা আক্তার।
এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনলাইন গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, এভেরোজ ইন্টারন্যশনাল স্কুল লালমাটিয়ার প্রিন্সিপাল ডালিয়া নওরিন, ভাইস প্রিন্সিপালবৃন্দ, লিডার্স ফোরামের সম্মানিত সদস্যবৃন্দ, এভেনজোর ইন্টারন্যাশনাল স্কুলের ভাইস প্রিন্সিপাল মো. রুহুল আমিন এবং অন্যান্য শিক্ষক, অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এভেনজোর শুধু একটি নতুন নাম নয়, এটি একটি নতুন স্বপ্ন এবং বিশ্বমানের নাগরিক গড়ে তোলার অঙ্গীকার। নতুন নামটি গ্রহণ করা হয়েছে মুসলিম সভ্যতার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসাবিজ্ঞানী, গবেষক ও দার্শনিক ইবনে জুহর (Avenzoar)-এর নামানুসারে। জ্ঞানচর্চা, গবেষণায় তার অবদান বিশ্বসভ্যতার ইতিহাসে অনন্য এবং আজও অনুপ্রেরণার উৎস।
এভেনজোর ইন্টারন্যাশনাল স্কুল ও এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খান মো. আক্তারুজ্জামান তার বক্তব্যে বলেন, আধুনিক শিক্ষা, গবেষণা, প্রযুক্তি এবং ইসলামী মূল্যবোধের সমন্বয়ে এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তোলাই এভেনজোরের মূল লক্ষ্য, যা ভবিষ্যৎ প্রজন্মকে বিশ্ব নেতৃত্বের জন্য প্রস্তুত করবে।
তিনি বলেন, আমাদের নাম পরিবর্তন হয়েছে, কিন্তু আমাদের মূল্যবোধ, শিক্ষার মান এবং শিক্ষার্থীদের প্রতি অঙ্গীকার অপরিবর্তিত রয়েছে। তিনি আরও জানান, ইনশাআল্লাহ, চলতি বছরের ডিসেম্বর মাসে এভেনজোর আরও বৃহৎ পরিসরে কার্যক্রম শুরু করবে।




