ছাদের পলেস্তারা পড়ে ৭ শিক্ষার্থী আহত

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় একটি বিদ্যালয়ে পাঠদানের সময় ছাদের পলেস্তারা খসে পড়ে ৭ শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনকে রায়পুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে দুপুরে রায়পুর ইউনিয়নের সায়েস্তানগর গ্রামের জনকল্যাণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ বেহাল ষষ্ঠ শ্রেণির কক্ষে ঘটনাটি ঘটে।
জানা গেছে, পুরোনো ভবন দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও মানসম্মত কাজ না হওয়ায় এমন দুর্ঘটনা ঘটছে। স্কুলটি পরিদর্শন করে নতুন ভবনের জন্য গত ২০২৫ সালের ১১ ডিসেম্বর শিক্ষাপ্রকৌশলী অধিদপ্তরে প্রধান শিক্ষক আবেদন করলেও তা গুরুত্ব পায়নি বলে অভিযোগ রয়েছে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী নাদিরা ও সাদিয়া বলেন, ক্লাস চলাকালে হঠাৎ ছাদ থেকে পলেস্তরা খসে পড়ে ৭ জন আহত হন। পরে ৪ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো হয় ও তিনজনকে ভর্তি করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম বলেন, পাঠদানের বিকল্প ব্যবস্থা না থাকায় ঝুঁকিপূর্ণ ভবনটিতে শ্রেণি কার্যক্রম চালানো হচ্ছিল। এ নিয়ে সংশ্লিষ্ট স্থানীয় ও জেলা পর্যায়ে একাধিকবার জানানো হলেও কোনো সহযোগিতা পাইনি। আহত শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
খবর পেয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, ঝুঁকিপূর্ণ থাকার বিষয়টি আমাদের অবহিত করা হয়েছিল। ঝুঁকির বিষয়টি আমরা ঊর্ধ্বতন অফিসকে জানিয়েছি। কিন্তু বরাদ্দ না থাকায় কোনো উদ্যোগ নেওয়া যায়নি।




