রেকর্ড বৃষ্টিতে সুনামগঞ্জে বাড়ছে নদীর পানি, বন্যার শঙ্কা

সুনামগঞ্জে টানা ভারী বৃষ্টিপাতের ফলে সুরমা, রক্তি, যাদুকাটা ও বোলাইসহ জেলার প্রধান প্রধান নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী দুই দিন সুনামগঞ্জ ও ভারতের মেঘালয়ে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়ে জেলাটিতে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জ শহরে দেশের সর্বোচ্চ ২৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা এই বছরে সবচেয়ে বেশি। এর ফলে সুরমা নদীর পানি শহরের ষোলঘর পয়েন্টে ৫১ সেন্টিমিটার বৃদ্ধি পেলেও তা বিপৎসীমার ০.৬০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
এ ছাড়া একই সময়ে জেলার ছাতকে ৬৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং সেখানে সুরমা নদীর পানি ৪৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ০.৫৩ সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। তাহিরপুরের লাউড়েরগড় এলাকায় ১২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং বিশ্বম্ভরপুরের শক্তিয়ারখলা পয়েন্টে রক্তি নদীর পানি ১১৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ০.৩৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
শহরের নবীনগরের বাসিন্দা সালেহীন চৌধুরী শুভ বলেন, মঙ্গলবার রাত থেকেই টানা বৃষ্টি হচ্ছে। বিশেষ করে বুধবার সারা দিন ও রাতে এক মুহূর্তের জন্যও বৃষ্টি থামেনি। এমন বৃষ্টি এই বছরে আর দেখিনি। আজ এভাবে বৃষ্টি চললে নদীর তীরবর্তী এলাকাগুলো প্লাবিত হয়ে যাবে।
সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সজিব হোসাইন বলেন, পূর্বাভাস অনুযায়ী আগামী ৪৮ ঘণ্টা সুনামগঞ্জ অঞ্চল ও এর উজানে ভারতের মেঘালয় এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর বৃষ্টি কমে বর্ষাকালের স্বাভাবিক রূপ ফিরে আসতে পারে।
এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বরাত দিয়ে সুনামগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ড জানায়, আগামী দুই দিন সুনামগঞ্জ ও উজানের ভারতের মেঘালয় প্রদেশে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে সুনামগঞ্জের কিছু কিছু স্থানে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হতে পারে ও নদীসংলগ্ন নিন্মাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হয়ে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
সুনামগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী-২ মো. এমদাদুল হক বলেন, ২৪ ঘণ্টায় বছরের সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে। আরও দুই দিন ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে। আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি।
সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান খান বলেন, বন্যার পূর্বাভাস অনুযায়ী পরস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে। উদ্ধার কাজের জন্য নৌযান, স্বেচ্ছাসেবী প্রস্তুত রাখা রয়েছে। আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রয়েছে, শুকনো খাবার মজুদ রাখা রয়েছে এবং মেডিকেল টিম গঠন করা হয়েছে।





