ভারী বৃষ্টিতে সেতুর সংযোগ সড়কে ধস, যোগাযোগ বিচ্ছিন্ন ৩ গ্রাম

এশিয়া পোস্ট নিউজ, নীলফামারী
ভারী বৃষ্টিতে সেতুর সংযোগ সড়কে ধস, যোগাযোগ বিচ্ছিন্ন ৩ গ্রাম
ভারী বৃষ্টিতে সেতুর সংযোগ সড়কে ধস। ছবি: এশিয়া পোস্ট

নীলফামারীর কিশোরগঞ্জে টানা ভারী বৃষ্টিতে একটি সেতুর সংযোগ সড়ক ধসে গেছে। এতে নদীর দুই পাড়ের অন্তত ২০ হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে উপজেলার নিতাই ইউনিয়নের বেলতলী বাজারসংলগ্ন সেতুতে এই ঘটনা ঘটে। এর ফলে তিনটি গ্রামের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

স্থানীয়রা জানান, উজানের ঢল ও টানা ভারী বর্ষণে সৃষ্ট তীব্র স্রোতের কারণে সংযোগ সড়কটি ধসে পড়েছে। ধসের পর থেকে ওই পথে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

স্থানীয় বাসিন্দা রহিম উদ্দিন বলেন, সকালে হঠাৎ করেই সেতুর একপাশের সংযোগ সড়ক ধসে গেছে। যানবাহন চলাচল বন্ধ থাকায় আমরা এপার থেকে ওপারে যেতে পারছি না। দ্রুত মেরামত করা না হলে আমাদের দুর্ভোগ আরও বাড়বে।

শিক্ষার্থী মিথিলা আক্তার বলে, সকালে স্কুলে যাওয়ার সময় বাবার সঙ্গে মোটরসাইকেলে আসছিলাম। এখানে এসে দেখি সেতুর সংযোগ সড়ক ধসে গেছে। এই কারণে চরম ভোগান্তিতে পড়েছি।

এ বিষয়ে নিতাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোত্তাকিনুর রহমান আবু বলেন, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়েছে। এটি দ্রুত মেরামতের ব্যবস্থা গ্রহণ করা হবে।