ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে থানায় মায়ের অভিযোগ

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের পাইকদী গ্রামের ডাবেগো বাড়ির বাসিন্দা শহীদা বেগম (৬০) শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে নিজ ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
শনিবার (২৫ জুলাই) চাঁদপুর সদর মডেল থানায় অভিযোগটি দায়ের করেন এই বৃদ্ধা মা। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত কার্যক্রম শুরু করেছে।
থানায় দাখিল করা অভিযোগে শহীদা বেগম উল্লেখ করেন, তার ছেলে শাহ আলম ও পুত্রবধূ মুন্নি দীর্ঘদিন ধরে তার ওপর অমানবিক নির্যাতন চালিয়ে আসছেন। তারা নিয়মিত তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ, চরম অপমান এবং বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দিয়ে আসছেন।
অভিযোগে আরও বলা হয়, পুত্রবধূ মুন্নি সামান্য তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে প্রায়ই তাকে মারধর করতেন। আর ছেলে শাহ আলম এসবে বাধা না দিয়ে উল্টো স্ত্রীকে প্ররোচনা ও সহযোগিতা করতেন। অনেক সময় ছেলে নিজেও মায়ের ওপর শারীরিক নির্যাতন চালাতেন। দীর্ঘদিন ধরে চলা এই অমানুষিক নির্যাতনের কারণে চরম মানসিক যন্ত্রণা ও নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন বলে জানিয়েছেন এই বৃদ্ধা।
অভিযোগ সূত্রের খবর, সর্বশেষ গত শুক্রবার রাতে ছেলে শাহ আলম জোরপূর্বক তাকে বাড়ি থেকে বের করে দেন। এতে গভীর রাতে তিনি সম্পূর্ণ আশ্রয়হীন হয়ে পড়েন। বর্তমানে নিজের জীবন নিয়ে চরম উদ্বেগ ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন তিনি। তার আশঙ্কা, দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যতে প্রাণনাশসহ আরও বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ আহমেদ বলেন, একজন বৃদ্ধা মায়ের লিখিত অভিযোগ আমরা পেয়েছি। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক অনুসন্ধান সম্পন্ন করেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। সত্যতা পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি অভিযোগকারীর নিরাপত্তার বিষয়টিকেও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
ওসি আরও জানান, মামলার প্রতিটি দিক গুরুত্বের সঙ্গে যাচাই-বাছাই করা হচ্ছে এবং তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতেই পরবর্তী আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।
.png)





