ঢাকাগামী ফ্লাইটের সিলেটে অবতরণ, তিন ঘণ্টা পর ছুটল গন্তব্যে

দুবাই থেকে আসা ঢাকাগামী একটি আন্তর্জাতিক ফ্লাইট সিলেটে অবতরণ করেছে। বৈরী আবহাওয়ায় ঢাকার আকাশে প্রতিকূল পরিস্থিতির কারণে ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
রোববার (১২ জুলাই) সকাল ১১টা ৩৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটটি ১৪৮ জন যাত্রী নিয়ে অবতরণ করে।
ঢাকার আবহাওয়া অনুকূলে আসায় এদিন বিকেল পৌনে ৩টার দিকে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে ফ্লাইটটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে।
সিলেট বিমানবন্দর সূত্র জানায়, দুবাই থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে আসা ফ্লাইটটি বৈরী আবহাওয়া ও কম দৃশ্যমানতার কারণে ঢাকায় অবতরণ করতে পারেনি। পরে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সেটিকে সিলেটের দিকে গতিপথ পরিবর্তন করা হয়।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ জানান, ঢাকার প্রতিকূল আবহাওয়ার কারণে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-৩৪২ ফ্লাইটটি বিকল্প হিসেবে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
তিনি আরও জানান, সকাল ১১টা ৩৫ মিনিটে ১৪৮ জন যাত্রী নিয়ে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করে। ঢাকার আবহাওয়া অনুকূলে আসায় প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে ফ্লাইটটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে।





