Advertisement

ঘুষের ভিডিও ভাইরাল হতেই ভূমি কর্মকর্তার মোবাইল বন্ধ

এশিয়া পোস্ট নিউজ, ফরিদপুর
ঘুষের ভিডিও ভাইরাল হতেই ভূমি কর্মকর্তার মোবাইল বন্ধ
ভূমি উপসহকারী কর্মকর্তা সরোয়ার হোসেন। ছবি : সংগৃহীত

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা সরোয়ার হোসেনের ঘুষ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

সোমবার (২৭ জুলাই) দুপুরে ইউনিয়নের ভূমি কার্যালয়ে নিজ কক্ষে বসে এক সেবাগ্রহীতার কাছ থেকে টাকা নেওয়ার সময় দৃশ্যটি ধারণ করা হয় বলে জানা গেছে।

ভিডিওতে দেখা যায়, কর্মকর্তা সরোয়ার হোসেন এক ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে নিজ চেয়ারে গিয়ে বসছেন। এ সময় ‘এক মাসের মধ্যে কাজ শেষ করে দেওয়া হবে’ বলে আশ্বস্ত করতে শোনা যায় তাকে।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা সরোয়ার হোসেনের মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন বলেন, ভিডিওটি আমি দেখেছি। ঘটনাটির বিষয়ে দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয় :ফরিদপুর