হবিগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি, খোয়াই নদীতে ভাঙনের শঙ্কা

টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জের নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। জেলার খোয়াই নদীর চুনারুঘাট পয়েন্টে পানি বিপৎসীমার ২২০ সেন্টিমিটার এবং মাছুলিয়া পয়েন্টে ১১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া কুশিয়ারা নদীর কয়েকটি পয়েন্টেও পানি বিপৎসীমা অতিক্রম করেছে। এতে খোয়াই নদীর বিভিন্ন স্থানে ভাঙনের শঙ্কা দেখা দিয়েছে।
তেঘরিয়া ইউনিয়নের ভাদৈই ব্রিজসংলগ্ন এলাকায় স্থানীয় বাসিন্দারা দিন-রাত বাঁধ রক্ষায় কাজ করছেন। বাঁশসহ বিভিন্ন উপকরণ ব্যবহার করে তারা অস্থায়ীভাবে বাঁধ টিকিয়ে রাখার চেষ্টা করছেন।
স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম অভিযোগ করেন, প্রতি বছরই এ এলাকায় বাঁধ ভাঙনের ঝুঁকি থাকলেও স্থায়ী কোনো ব্যবস্থা নেওয়া হয় না। তার দাবি, সময়মতো প্রয়োজনীয় উদ্যোগ না নেওয়ায় ভাঙনের আশঙ্কা বেড়েছে।
আরেক বাসিন্দা শামছুদ্দিন বলেন, এলাকাবাসী রাতভর পাহারা দিয়েছেন এবং সকাল থেকে ঝুঁকিপূর্ণ বাঁধে বাঁশ পুঁতে সুরক্ষার চেষ্টা করছেন। তার আশঙ্কা, পানি আরও বাড়লে বাঁধ ভেঙে যেতে পারে। তবে বর্তমানে পানির স্তর কিছুটা স্থিতিশীল রয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাইদুল হক বলেন, গত ২৪ ঘণ্টায় হবিগঞ্জে ৬১ দশমিক ৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। খোয়াই, কুশিয়ারা ও সুতাং নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার নিম্নাঞ্চলে জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা রয়েছে।
তিনি বলেন, এখন পর্যন্ত কোথাও বাঁধ ভাঙার খবর পাওয়া যায়নি। ঝুঁকিপূর্ণ বাঁধগুলোতে জিওব্যাগ ও জিও কার্পেটিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা সার্বক্ষণিক নজরদারি করছেন।





