ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা, অভিযুক্তের বাড়িতে আগুন

ময়মনসিংহের গফরগাঁওয়ে পূর্বপরিকল্পিতভাবে মাছের ঘেরে ডেকে নিয়ে মহিদুজ্জামান ওরফে মোফাচ্ছল (৪০) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
সোমবার (২৭ জুলাই) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনার পর ক্ষুব্ধ জনতা অভিযুক্ত ব্যক্তির বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।
নিহত মহিদুজ্জামান গফরগাঁও উপজেলার বাগবেড় এলাকার মোজাম্মেলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২৬ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে মুঠোফোনে কল করে মহিদুজ্জামানকে গফরগাঁও থানার বাগবেড় এলাকার নিজ ফিশারিতে ডেকে নেন তোফাজ্জল হোসেন ওরফে তপন (৩৫) নামে এক ব্যক্তি। তোফাজ্জল গফরগাঁও উপজেলার সুমপাড়া মোড়লবাড়ী এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে। ফিশারিতে পৌঁছানোর পর পূর্বপরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে মহিদুজ্জামানকে কুপিয়ে গুরুতর জখম করা হয়।
পরে স্বজনেরা তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরের দিকে তার মৃত্যু হয়।
এদিকে মহিদুজ্জামানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত এলাকাবাসী অভিযুক্ত তোফাজ্জলের বাড়িতে ভাঙচুর চালায় এবং আগুন ধরিয়ে দেয়। এতে দুটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে গফরগাঁও থানা-পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মনতোষ বিশ্বাস জানান, তোফাজ্জল হোসেন ওরফে তপনকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। এ ঘটনায় আইনি ব্যবস্থা ও মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
.png)






