পর্যাপ্ত পানি খেয়েও ক্লান্ত, গরমে শরীর হাইড্রেট রাখুন সহজ উপায়ে

গরমের দিনে পানি পান করা নিয়ে সচেতন থাকেন অনেকেই। বাইরে বের হলেই হাতে পানির বোতল, অফিস ডেস্কেও বোতল, বাসাতেও বারবার পানি খাওয়া। তারপরও দিনের শেষে শরীর ক্লান্ত লাগে, মাথা ভার হয়ে থাকে, কাজ করতে ইচ্ছে করে না। অনেক সময় মনে হয়, এত পানি খাওয়ার পরও শরীর যেন ঠিকভাবে সতেজ থাকছে না।
বিশেষজ্ঞরা বলছেন, শুধু বেশি পানি খেলেই শরীর ঠিকভাবে হাইড্রেট থাকে না। কখন কতটুকু পানি খাওয়া হচ্ছে, কী ধরনের খাবার খাওয়া হচ্ছে এবং শরীর সেই পানি কতটা ধরে রাখতে পারছে, সেটাও গুরুত্বপূর্ণ।
বিশেষ করে তীব্র গরমের সময় শরীর ঘামের মাধ্যমে শুধু পানি নয়, প্রয়োজনীয় খনিজও হারায়। আর সেই ঘাটতি পূরণ না হলে ক্লান্তি, মাথাব্যথা, দুর্বলতা বা পেশিতে টান ধরার মতো সমস্যা দেখা দিতে পারে।
চলুন বিশেষজ্ঞদের মতে শরীর হাইড্রেট রাখতে পানি পান করা ছাড়াও আরও কী কী বিষয় খেয়াল রাখা জরুরি সেগুলো জেনে নিই।
শুধু পানি নয়, পানিযুক্ত খাবারও জরুরি
শরীরকে হাইড্রেট রাখতে শুধু পানি নয়, কিছু খাবারও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তরমুজ, শসা, কমলা, স্ট্রবেরির মতো ফলে প্রচুর পানি থাকে। অনেক ফলেই ৮০ শতাংশের বেশি পানি থাকে, যা শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। পাশাপাশি এসব ফলে থাকা প্রাকৃতিক চিনি শরীরে ধীরে ধীরে শক্তি জোগায়।

এছাড়া সবজির মধ্যেও লেটুস, পটল, লাউ বা ঝিঙের মতো খাবারও শরীরে পানির ভারসাম্য ধরে রাখতে সাহায্য করে। সবজি, সালাদ বা হালকা নাশতায় এগুলো যোগ করা যেতে পারে।
টক দইও ভালো একটি বিকল্প। এতে পানি থাকার পাশাপাশি প্রোটিন ও উপকারী ব্যাকটেরিয়া থাকে, যা হজম ও অন্ত্রের স্বাস্থ্যের জন্য ভালো। এছাড়া ডাবের পানি প্রাকৃতিক ইলেক্ট্রোলাইট পানীয় হিসেবে কাজ করে। ঘামের মাধ্যমে শরীর থেকে বের হয়ে যাওয়া পটাশিয়াম ও সোডিয়ামের ঘাটতি পূরণে এটি সাহায্য করতে পারে।
খেয়াল রাখবেন, গরমের সময় হালকা সবজি বা মুরগির স্যুপও শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে।
একসঙ্গে বেশি পানি নয়, অল্প অল্প করে খান
অনেকেই একবারে অনেক পানি খেয়ে নেন। কিন্তু বিশেষজ্ঞদের মতে, সারাদিন অল্প অল্প করে পানি খাওয়া বেশি কার্যকর। প্রতি ঘণ্টায় অন্তত এক গ্লাস পানি খাওয়ার অভ্যাস করা যেতে পারে। এতে শরীর ধীরে ধীরে পানির ভারসাম্য ধরে রাখতে পারে।
ইলেক্ট্রোলাইট কেন গুরুত্বপূর্ণ
চিকিৎসকদের মতে, সোডিয়াম, পটাশিয়াম ও ক্লোরাইডের মতো খনিজ উপাদান শরীরে পানির ভারসাম্য নিয়ন্ত্রণে সাহায্য করে। এগুলোকে বলা হয় ইলেক্ট্রোলাইট। গরমে অতিরিক্ত ঘামের কারণে শরীর থেকে এসব উপাদান বের হয়ে যায়। তখন শুধু পানি খেলেও অনেক সময় ক্লান্তি কাটে না।
ইলেক্ট্রোলাইটের ঘাটতির কিছু লক্ষণ হলো-
- মাথাব্যথা
- দুর্বলতা
- খিটখিটে মেজাজ
- পেশিতে টান ধরা
- হাত-পায়ে ঝিনঝিন অনুভব
- অনিয়মিত হৃদস্পন্দন
তবে বিশেষজ্ঞরা বলছেন, অকারণে অতিরিক্ত ইলেক্ট্রোলাইট ড্রিংক বা সাপ্লিমেন্ট খাওয়ারও প্রয়োজন নেই। সাধারণ খাবার থেকেই অনেক সময় প্রয়োজনীয় খনিজ পাওয়া সম্ভব।
যেসব খাবার ইলেক্ট্রোলাইটের ভালো উৎস
- দই থেকে পাওয়া যায় পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম
- পালং শাক ও কেল শাকে থাকে ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট
- বাদাম ও বীজজাতীয় খাবার ম্যাগনেশিয়ামের ভালো উৎস
- কলা, অ্যাভোকাডো ও ডাবের পানিতে থাকে পটাশিয়াম
ঘরেই বানানো যেতে পারে ইলেক্ট্রোলাইট পানীয়

বাজারের দামি ড্রিংকের বদলে ঘরেই সহজে একটি পানীয় তৈরি করা যায়।
৫০০ মিলিলিটার ঠান্ডা পানিতে মিশিয়ে নিন এক চিমটি লবণ, আধা লেবুর রস ও এক চা চামচ মধু।
এটি শরীরের পানির ভারসাম্য ধরে রাখতে সাহায্য করতে পারে।
গরমে আসলে কতটা পানি প্রয়োজন
বিশেষজ্ঞদের মতে, সাধারণভাবে একজন পুরুষের দিনে প্রায় ৩ দশমিক ৭ লিটার এবং একজন নারীর প্রায় ২ দশমিক ৭ লিটার তরল প্রয়োজন হতে পারে। এর মধ্যে পানি, পানীয় ও খাবার থেকে পাওয়া তরলও অন্তর্ভুক্ত।
তবে অতিরিক্ত গরমে বা বাইরে বেশি সময় থাকলে এই চাহিদা আরও বাড়তে পারে।
ঠান্ডা পানীয় কিছুটা স্বস্তি দিতে পারে
গরমের সময় ঠান্ডা পানি বা ঠান্ডা পানীয় শরীরের তাপমাত্রা কিছুটা কমাতে সাহায্য করতে পারে। বাইরে বের হওয়ার আগে পানির বোতল অর্ধেক জমিয়ে নিয়ে তাতে পানি ভরে নেওয়া যেতে পারে। এতে দীর্ঘ সময় পানি ঠান্ডা থাকে।
স্বাদের জন্য পানিতে পুদিনা পাতা বা লেবুও যোগ করা যেতে পারে।
অতিরিক্ত ক্যাফেইন এড়িয়ে চলুন
চা বা কফি অনেকের দৈনন্দিন অভ্যাস। তবে অতিরিক্ত ক্যাফেইন শরীর থেকে পানি বের হয়ে যাওয়ার প্রবণতা বাড়াতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, দিনে অতিরিক্ত কফি খেলে শরীরের পানির ভারসাম্য নষ্ট হতে পারে। তাই কফি খেলে সঙ্গে অতিরিক্ত পানি পান করাও জরুরি।
চাইলে হারবাল চা বা ঠান্ডা লেবুর পানিও বিকল্প হতে পারে।
গরমের দিনে সুস্থ থাকতে শুধু বেশি পানি খেলেই হবে না, শরীরের প্রয়োজন বুঝে সঠিক খাবার ও পানীয় বেছে নেওয়াও জরুরি। ছোট ছোট কিছু অভ্যাস বদলেই ক্লান্তি কমিয়ে শরীরকে সতেজ রাখা সম্ভব।
সূত্র: গাল্ফ নিউজ
.png)







