গণভোটের বৈধতা নিয়ে প্রশ্ন তুললে সরকারের বৈধতাও প্রশ্নবিদ্ধ হবে: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, গণভোটের বৈধতা নিয়ে প্রশ্ন তুললে বর্তমান সরকারের বৈধতাও প্রশ্নবিদ্ধ হবে। তার ভাষ্য, জনগণের ভোটে গৃহীত একটি সিদ্ধান্তকে অবৈধ বলা হলে সেই প্রক্রিয়ার ধারাবাহিকতায় গঠিত সরকারের বৈধতাও প্রশ্নের মুখে পড়বে।
মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় বগুড়া শহরের সাতমাথায় এনসিপি আয়োজিত সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সংসদে দেওয়া বক্তব্যের সমালোচনা করে সারজিস আলম বলেন, ‘গতকাল (সোমবার) সংসদে দাঁড়িয়ে সালাহউদ্দিন আহমেদ যে কথাগুলো বলেছেন, আমরা তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। যে গণভোটের পক্ষে ৭০ শতাংশ মানুষ রায় দিয়েছেন, তা যদি বৈধ না হয়, তবে এই সরকারেরও কোনো বৈধতা থাকতে পারে না। বৈধ হলে সরকারের সবকিছুই বৈধ হবে, অবৈধ হলে দুটিই অবৈধ হবে।’
তিনি বলেন, রাজনৈতিক সুবিধা বা দলীয় অবস্থান থেকে জনগণের রায়কে অস্বীকার করা উচিত নয়। গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের দেওয়া রায়কে সম্মান জানানোই রাজনৈতিক দলগুলোর দায়িত্ব।
সমাবেশে সারজিস আলম আরও বলেন, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান কোনো রাজনৈতিক দলকে ক্ষমতায় বসানোর আন্দোলন ছিল না। এটি ছিল বৈষম্য, শোষণ এবং পুরোনো প্রশাসনিক ও রাজনৈতিক কাঠামো পরিবর্তনের আন্দোলন। জনগণের প্রত্যাশা ছিল একটি জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা।
এর আগে বিকেলে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় জুলাই পথসভা হয়। পথসভা শেষে সন্ধ্যায় বগুড়া শহরের দত্তবাড়ী এলাকা থেকে একটি পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি থানামোড় এলাকায় পৌঁছালে সারজিস আলম, দলের মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারীসহ কেন্দ্রীয় নেতারা এতে যোগ দেন। পরে পদযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতমাথায় এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলন এবং শিক্ষামন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যেরও সমালোচনা করেন সারজিস আলম। তিনি বলেন, শিক্ষার্থীদের অবমাননাকর ভাষায় সম্বোধন করার কোনো সুযোগ নেই। আন্দোলনের সময় যারা রাজপথে জীবন ও রক্ত দিয়েছেন, তাদের প্রতি সম্মান দেখানো রাষ্ট্রের দায়িত্ব। তিনি শিক্ষামন্ত্রীর প্রতি শিক্ষার্থীদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান এবং পরীক্ষার্থীদের সমস্যা বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
সমাবেশে তিনি সীমান্ত হত্যা বন্ধ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে প্রকাশ্যে বক্তব্য দিয়ে গোপনে এর সঙ্গে সম্পৃক্ত রাজনৈতিক ব্যক্তিদেরও সতর্ক করেন।
সমাবেশ থেকে বগুড়া সদর উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে জাতীয় ছাত্র শক্তির বগুড়া জেলা আহ্বায়ক এ এম জেড শাহরিয়ার জুহিনকে দলের প্রার্থী হিসেবে ঘোষণা দেন সারজিস আলম। তিনি বলেন, অর্থ বা পারিবারিক রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নয়, জুলাই আন্দোলনে ন্যায় ও ইনসাফের পক্ষে ভূমিকা রাখা তরুণদের মূল্যায়ন করেই প্রার্থী নির্বাচন করা হচ্ছে।
জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এম এস এ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা সদস্য সচিব সুলতান মাহমুদ, কেন্দ্রীয় সংসদের যুগ্ম মুখ্য সংগঠক সাকিব মাহদী, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দীন তানভীর ও সাইফ মোস্তাফিজসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা যুগ্ম সদস্য সচিব মো. আবদুস সবুর সুমন।





