ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ঢাকায় নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি প্রতিনিধি দল।
বুধবার (১৫ জুলাই) ঢাকার ইরান দূতাবাসে রাষ্ট্রদূতের আমন্ত্রণে সৌজন্য সাক্ষাৎ করেন তারা।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও ইরানের দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনীতি, অর্থনৈতিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। উভয় পক্ষ বাংলাদেশ ও ইরানের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় ও বহুমাত্রিক করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
ইসলামী আন্দোলনের প্রতিনিধি দল দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের (চরমোনাই পীর) পক্ষ থেকে সাম্প্রতিক সংঘাতে ক্ষতিগ্রস্ত ইরানের সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহতদের রুহের মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। প্রতিনিধি দল অবিলম্বে যুদ্ধ বন্ধ, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং ইরানে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসার প্রত্যাশা ব্যক্ত করেন।
বৈঠকে বাংলাদেশ ও ইরানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, সরাসরি বিমান যোগাযোগ চালু, ব্যবসা-বাণিজ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ইরানের বিশ্ববিদ্যালয়সমূহে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা ও বৃত্তির সুযোগ সম্প্রসারণের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
ইসলামী আন্দোলনের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত আলহাজ গোলাম মসীহের নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইমতিয়াজ আহমেদ সজল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য সচিব ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. রাজন সিকদার।





