যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

এশিয়া পোস্ট ডেস্ক
যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু
মির্জা ফাহিম আহমেদ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মির্জা ফাহিম আহমেদ নামের এক বাংলাদেশি যুবক প্রাণ হারিয়েছেন। বুধবার সকাল ৭টা ৫৩ মিনিটে ভ্যালি এলাকার ল্যাসেন স্ট্রিট ও রেসিডা বুলেভার্ড ইন্টারসেকশনে এই দুর্ঘটনা ঘটে।

সিসিটিভির ভিডিও ফুটেজ পর্যালোচনা করে লস এঞ্জেলেস পুলিশ জানিয়েছে, দুটি গাড়ির ধাক্কায় ফাহিমের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে যায়। এরপর সেটি একটি লাইট পোলে সজোরে আঘাত করলে গাড়ির সামনের অংশ ভেঙে চুরমার হয়ে যায়। গাড়ির ভেতরে আটকে থাকা ফাহিমকে উদ্ধারে পুলিশ ও দমকল বাহিনীকে বেশ বেগ পেতে হয়।

তবে দুর্ঘটনাস্থলেই ফাহিমের মৃত্যু হয় বলে জানিয়েছে চিকিৎসক। এই দুর্ঘটনায় অপর দুটি গাড়ির চালকরাও আহত হয়েছেন এবং তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাত্র ২৭ বছর বয়সি ফাহিম প্রায় দেড় বছর আগে মা, বাবা ও ভাইয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। তাদের স্থায়ী বাড়ি ঢাকার জিগাতলা এলাকায়। ফাহিম জীবনের নতুন অধ্যায় শুরু করতে গত কোরবানির ঈদের সময় দেশে গিয়ে বিয়ে করেন। লস এঞ্জেলেসে ফিরে নববধূকে নিজের কাছে আনার স্বপ্ন দেখছিলেন তিনি।

এই উদ্দেশ্যে স্ত্রীকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসার জন্য দেশটির অভিবাসন দপ্তরে আবেদনও জমা দিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্নপূরণের আগে এক আকস্মিক সড়ক দুর্ঘটনায় তার মৃত্য হলো।

এদিকে ফাহিমের অকাল মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। ফাহিমের ছোট ভাই মির্জা তামিম গণমাধ্যমকে জানান, আইনি প্রক্রিয়া শেষে ফাহিমের মরদেহ শনিবার (১১ জুলাই) পরিবারের কাছে হস্তান্তর করা হবে। লাশ বুঝে পাওয়ার পর জানাজা ও দাফনের চূড়ান্ত কর্মসূচি সবাইকে জানানো হবে।

এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার জন্য দায়ীদের উপযুক্ত বিচার নিশ্চিত করতে ফাহিমের পরিবার ইতোমধ্যে আইনজীবী নিয়োগ করেছেন। পাশাপাশি স্থানীয় পুলিশ প্রশাসনও ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে।