ফাইনালে উঠতে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়বে আর্জেন্টিনা

এশিয়া পোস্ট স্পোর্টস
ফাইনালে উঠতে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়বে আর্জেন্টিনা
আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের সবচেয়ে আলোচিত ম্যাচগুলোর একটি। বুধবার দিবাগত রাত ১টায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ঐতিহাসিক এই লড়াইকে সামনে রেখে প্রতিপক্ষকে কড়া বার্তা দিয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তার ঘোষণা, ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামবে দল, আর সেই লক্ষ্য পূরণে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করবে তার খেলোয়াড়েরা।

তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও একবারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের দ্বৈরথ ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত প্রতিদ্বন্দ্বিতা। রাজনৈতিক ইতিহাস, ফকল্যান্ড যুদ্ধ, দিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোল কিংবা ডেভিড বেকহ্যামের লাল কার্ড—সব মিলিয়ে দুই দলের লড়াই সব সময়ই বাড়তি উত্তেজনা ছড়ায়।

আটলান্টায় দলের অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘আমাদের দলে যথেষ্ট ইচ্ছাশক্তি ও উচ্চাকাঙ্ক্ষা রয়েছে। সেই সঙ্গে চাপও সামলাতে হবে। বলের নিয়ন্ত্রণ ধরে রেখে খেলতে হবে। যারা এত দিন আমাদের ভালো ফুটবল উপহার দিয়েছে, তাদের সেরাটাই আবার দেখতে চাই।’

বিশ্বকাপের সেমিফাইনাল হওয়ায় ম্যাচটির গুরুত্ব স্বীকার করলেও আবেগে ভেসে যেতে চান না আর্জেন্টাইন কোচ। তার ভাষায়, ‘এটিকে শুধু একটি ফুটবল ম্যাচ হিসেবেই দেখতে হবে। বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা সহজ নয়। এখানে পৌঁছাতে হলে কঠোর পরিশ্রম করতে হয়।’

ইংল্যান্ডকে উদ্দেশ করে স্কালোনি বলেন, ‘আমরা ফাইনালে ওঠার জন্য শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ব। আমার খেলোয়াড়েরা সব সময় নিজেদের শতভাগ উজাড় করে দেয়। তবে শুধু লড়াই করলেই হবে না, ভালো ফুটবল খেলাটাও সমান গুরুত্বপূর্ণ।’

গ্যালারিতে ইংল্যান্ডের সমর্থকদের প্রবল উপস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে আর্জেন্টিনার সমর্থকদের উদ্দেশে স্কালোনি বলেন, ‘এই মুহূর্তটা উপভোগ করুন। আমাদের সন্তুষ্ট থাকা উচিত, রোমাঞ্চিত থাকা উচিত এবং এই খেলোয়াড়দের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত।’

দলের একাদশে পরিবর্তনের ইঙ্গিতও দিয়েছেন আর্জেন্টিনার কোচ। তিনি বলেন, ‘আগে কী করেছে, শুধু সে কারণে কেউ খেলবে না। এখন কে দলকে সবচেয়ে বেশি দিতে পারবে, সেটিই বিবেচনায় থাকবে।’

নিজের খেলোয়াড়দের প্রশংসা করে স্কালোনি বলেন, ‘এই দলকে নিয়ে আমি গর্বিত। তারা আবারও আমাদের বিশ্বকাপের সেমিফাইনালে নিয়ে এসেছে। আমরা বিশ্বের সেরা দলগুলোর একটি। এখানে পৌঁছাতে পেরেছি, কারণ অনেক কিছুই আমরা সঠিকভাবে করতে পেরেছি।’

শেষে স্কালোনি বলেন, ‘প্রতিটি ম্যাচই আলাদা। আগের ম্যাচের ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব। আমাদের মধ্যে আত্মবিশ্বাস আছে, উত্তেজনাও আছে। এখন পর্যন্ত যা অর্জন করেছি, তার মর্যাদা রাখতে হবে।’