কেপ ভার্দের বিপক্ষে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

গ্রুপ পর্বে শতভাগ জয় নিয়ে নকআউটে উঠেছে আর্জেন্টিনা। এবার শেষ ৩২-এ লিওনেল স্কালোনির দলের সামনে কেপ ভার্দে। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ম্যাচটির আগে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ নিয়ে আলোচনা চলছে। মূল কাঠামো প্রায় ঠিক থাকলেও তিনটি জায়গা এখনো অনিশ্চিত।
জর্ডানের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে কয়েকজন নিয়মিত খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছিল আর্জেন্টিনা। কেপ ভার্দের বিপক্ষে আবারও মূল একাদশে ফিরবেন বেশির ভাগ সিনিয়র ফুটবলার। স্কালোনির ভাবনায় আছে অস্ট্রিয়ার বিপক্ষে খেলা একাদশের কাছাকাছি একটি দল।
প্রথম প্রশ্ন রক্ষণভাগের বাঁ দিক নিয়ে। নিকোলাস তাগলিয়াফিকো পুরোপুরি প্রস্তুত থাকলে তিনি শুরু করতে পারেন। তবে আগের ম্যাচগুলোতে ফাকুন্দো মেদিনা সেই জায়গায় ভালোভাবে দায়িত্ব পালন করেছেন। তাই বাঁ-ব্যাক পজিশনে তাগলিয়াফিকো নাকি মেদিনা, সিদ্ধান্ত এখনো চূড়ান্ত নয়।
দ্বিতীয় অনিশ্চয়তা সেন্টার-ব্যাক পজিশনে। ক্রিস্তিয়ান রোমেরো ডান হাঁটুর চোট কাটিয়ে পুরোপুরি প্রস্তুত হলে লিসান্দ্রো মার্তিনেজের পাশে শুরু করবেন। তবে তাকে নিয়ে ঝুঁকি না নিলে অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দিকে দেখা যেতে পারে একাদশে। আর্জেন্টাইন সংবাদমাধ্যমের সম্ভাব্য একাদশে আপাতত ওতামেন্দির ফেরার সম্ভাবনাও আলোচনায় আছে।
তৃতীয় প্রশ্ন আক্রমণে। লিওনেল মেসি ফিরবেন, সেটি প্রায় নিশ্চিত। কিন্তু তার পাশে খেলবেন লাউতারো মার্তিনেজ, নাকি হুলিয়ান আলভারেস, সেটিই বড় সিদ্ধান্ত। জর্ডানের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করে নিজের দাবি জোরালো করেছেন লাউতারো। তাই এই মুহূর্তে তার দিকেই কিছুটা ঝুঁকে আছে পাল্লা।
মাঝমাঠে অবশ্য স্কালোনির পরিকল্পনা তুলনামূলক পরিষ্কার। রদ্রিগো দে পল, আলেক্সিস ম্যাক আলিস্টার, এনজো ফের্নান্দেজ ও থিয়াগো আলমাদা শুরু করবেন বলে ধারণা করা হচ্ছে। রক্ষণে নাহুয়েল মলিনা ও লিসান্দ্রো মার্তিনেজও প্রায় নিশ্চিত।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্তিনেজ; নাহুয়েল মলিনা, ক্রিস্তিয়ান রোমেরো বা নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো বা ফাকুন্দো মেদিনা; রদ্রিগো দে পল, আলেক্সিস ম্যাক আলিস্টার, এনজো ফের্নান্দেজ, থিয়াগো আলমাদা; লিওনেল মেসি এবং লাউতারো মার্তিনেজ বা হুলিয়ান আলভারেস।
আর্জেন্টিনা ম্যাচটির পরিষ্কার জয়ের দাবিদার। তবে অভিষেক বিশ্বকাপেই কেপ ভার্দে যে চমক দেখিয়েছে, তাতে তাদের হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের গ্রুপ থেকে অপরাজিত থেকে শেষ ৩২-এ ওঠা দলটি রক্ষণে সংগঠিত, ভেতরের জায়গা বন্ধ রাখতে পারে এবং পাল্টা আক্রমণে বিপজ্জনক। তাই একাদশের তিন প্রশ্নের উত্তর যেমন গুরুত্বপূর্ণ, তেমনি মাঠে স্কালোনির দলের মনোযোগও গুরুত্বপূর্ণ।





