স্পেন-বেলজিয়ামের একাদশে চমক, বেঞ্চে পেদ্রি-লুকাকু

বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে স্পেন ও বেলজিয়ামের শুরুর একাদশ ঘোষণা করা হয়েছে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে পেদ্রিকে বেঞ্চে রেখে দল সাজিয়েছেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। বেলজিয়ামের একাদশে ফিরেছেন কেভিন ডি ব্রুইনা ও জেরেমি ডোকু। তবে আবারও বেঞ্চে জায়গা হয়েছে রোমেলু লুকাকুর।
বাংলাদেশ সময় রাত ১টায় লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে শুরু হবে বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল। এই ম্যাচের জয়ী দল সেমিফাইনালে খেলবে কিলিয়ান এমবাপের ফ্রান্সের বিপক্ষে।
পর্তুগালকে ১-০ গোলে হারানো একাদশে একটি পরিবর্তন এনেছে স্পেন। পেদ্রির জায়গায় মাঝমাঠে ফিরেছেন ফাবিয়ান রুইজ। রদ্রির সঙ্গে মাঝমাঠের নিয়ন্ত্রণ নেওয়ার দায়িত্ব থাকবে তার ওপর।
চার ম্যাচে চার গোল করা মিকেল ওইয়ারসাবাল আক্রমণের কেন্দ্রে থাকছেন। দুই প্রান্তে থাকবেন লামিন ইয়ামাল ও আলেক্স বায়েনা। তাদের পেছনে খেলবেন দানি ওলমো।
পর্তুগালের বিপক্ষে বদলি নেমে যোগ করা সময়ে জয়সূচক গোল করা মিকেল মেরিনোকে এবারও বেঞ্চে রেখেছেন দে লা ফুয়েন্তে। ঊরুর সমস্যায় ভোগা নিকো উইলিয়ামসও বদলি খেলোয়াড়দের তালিকায় আছেন।
বেলজিয়ামের একাদশে ফিরেছেন ডি ব্রুইনা ও দকু। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৪-১ গোলের জয়ের ম্যাচে দুজনই বেঞ্চে ছিলেন। গুরুতর হাঁটুর চোটে বিশ্বকাপ শেষ হয়ে যাওয়া আমাদু ওনানার অনুপস্থিতিতে নিচে নেমে খেলবেন ইউরি তিলেমানস। তার সঙ্গে মাঝমাঠে থাকছেন নিকোলাস রাসকিন।
যুক্তরাষ্ট্রের বিপক্ষে জোড়া গোল করা শার্ল দে কেতেলারেকে আক্রমণের কেন্দ্রে রেখেছেন বেলজিয়াম কোচ রুডি গার্সিয়া। ফলে নকআউট পর্বে কার্যকর বদলি হিসেবে তিন গোল করা লুকাকুকে আবারও বেঞ্চ থেকে ম্যাচ শুরু করতে হবে।
ডি ব্রুইনার পাশে আক্রমণভাগে থাকছেন দকু ও লিয়ান্দ্রো ত্রোসার। গোলপোস্টে যথারীতি অধিনায়ক থিবো কোর্তোয়া।
স্পেনের একাদশ: উনাই সিমন, পেদ্রো পোরো, পাউ কুবারসি, আয়মেরিক লাপোর্ত, মার্ক কুকুরেয়া, রদ্রি, ফাবিয়ান রুইজ, লামিন ইয়ামাল, দানি ওলমো, আলেক্স বায়েনা ও মিকেল ওইয়ারসাবাল।
বেলজিয়ামের একাদশ: থিবো কোর্তোয়া, তিমোথি কাস্তানিয়ে, ব্র্যান্ডন মেশেলে, নাথান এনগয়, ম্যাক্সিম ডি কাইপার, নিকোলাস রাসকিন, ইউরি তিলেমানস, লিয়ান্দ্রো ত্রোসার, কেভিন ডি ব্রুইনা, জেরেমি দকু ও শার্ল দে কেতেলারে।




