মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণ, বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের কাপারে একটি ইস্পাত কারখানায় বয়লার বিস্ফোরণে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১১ জুলাই) সকালে কাপারের কাম্পুং টোক মুদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে ৩০ বছর বয়সী ওই বাংলাদেশির পুরো শরীর মারাত্মকভাবে দগ্ধ হয়।
সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের (অপারেশনস) সহকারী পরিচালক আশরুল রিজাল আসবার জানান, শনিবার সকাল ৮টা ১৮ মিনিটে জরুরি ফোনকল পেয়ে কাপার ফায়ার স্টেশন থেকে দমকলকর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়।
সংবাদমাধ্যম দ্য স্টার জানিয়েছে, জানা গেছে, কারখানার প্রায় ২০ ফুট বাই ২০ ফুট মাপের একটি বয়লারে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। তবে দমকলকর্মীরা সেখানে পৌঁছানোর আগেই কারখানার অন্য শ্রমিকেরা আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন।
এক বিবৃতিতে আশরুল রিজাল বলেন, এ সময় বয়লার বিস্ফোরণে ৩০ বছর বয়সী ওই বাংলাদেশি কর্মীর শরীর মারাত্মকভাবে দগ্ধ হয়। পরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাকে মৃত ঘোষণা করেন। নিহত শ্রমিকের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দমকল বিভাগ আরও জানায়, দুর্ঘটনাকবলিত কারখানাটি ফায়ার স্টেশন থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে কাম্পুং টোক মুদার জালান জানাকুয়াসা সংলগ্ন এলাকায় অবস্থিত। এ দিনের উদ্ধার অভিযানে একটি ইঞ্জিনসহ মোট সাতজন দমকলকর্মী অংশ নেন।
তবে কারখানার ওই বয়লারে কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলো, তা এখনো জানা যায়নি। অগ্নিকাণ্ডের সঠিক কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।





