খামেনির শোক র‌্যালিতে তেহরানে লাখো মানুষের ঢল

এশিয়া পোস্ট ডেস্ক
খামেনির শোক র‌্যালিতে তেহরানে লাখো মানুষের ঢল
খামেনি এবং তার পরিবারের সদস্যদের কফিন বহনকারী ট্রাক তেহরানে শোকাহতদের ভিড়ের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনির জানাজার শোক র‌্যালি শুরু হয়েছে। সোমবার (৬ জুলাই) সকাল থেকে এই বিদায় মিছিলে অংশ নিতে রাজধানী তেহরানের রাস্তায় রাস্তায় নেমে এসেছে লাখো মানুষ। দেশটির সরকারি কর্মকর্তারা বিশাল জতার অংশগ্রহণকে ইরানের ইতিহাসের সবচেয়ে বড় জনসমাবেশ হিসেবে আখ্যা দিয়েছেন।

সোমবার স্থানীয় সময় সকাল ৬টায় তেহরানের ঐতিহাসিক গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্স থেকে এই শোক র‌্যালি শুরু হয়। এর আগে গত দুই দিন ধরে খামেনির মরদেহ সেখানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত রাখা হয়েছিল।

অনুষ্ঠানের আয়োজকরা জানিয়েছেন, এই বিশাল শোক র‌্যালিটি টানা ১০ থেকে ১২ ঘণ্টা স্থায়ী হতে পারে। এটি মেহরাবাদ বিমানবন্দরের নিকটবর্তী দামাভান্দ স্ট্রিট, ইমাম হোসেন স্কয়ার, এনকেলাব স্ট্রিট, এনকেলাব স্কয়ার, আজাদী স্ট্রিট, আজাদী স্কয়ার এবং শহীদ লাশগারি হাইওয়েসহ প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ একটি সড়ক পথ প্রদক্ষিণ করবে।

এর আগে রোববার (৫ জুলাই) গ্র্যান্ড আয়াতুল্লাহ জাফর সোবহানি এই শহীদ নেতার প্রথম জানাজার নামাজে ইমামতি করেন। ওই একই জানাজায় খামেনির জামাতা ড. মেসবাহ-উল-হোদা বাঘেরি-কানি, মেয়ে জাহরা হাদ্দাদ-আদেল, মাত্র ১৪ মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মদী-গোলপায়েগানি এবং সৈয়দা বুশরা হোসাইনি-খামেনির জানাজাও একসঙ্গে সম্পন্ন হয়।

প্রয়াত এই শীর্ষ নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে গত শুক্রবার বিশ্বের বহু দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল তেহরানে এসে পৌঁছান। এই তালিকায় রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান, ইরাক, তাজিকিস্তান ও তুরস্কসহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী এবং সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তারা রয়েছেন।

ঘোষিত সূচি অনুযায়ী, এই শেষকৃত্য অনুষ্ঠানটি আগামীকাল মঙ্গলবার পবিত্র নগরী কোমে অনুরূপ আয়োজনের মধ্য দিয়ে এগিয়ে চলবে। এরপর আগামী বুধবার ইরাকের নাজাফে অবস্থিত ইমাম আলীর (আ.) পবিত্র মাজার এবং কারবালার ইমাম হোসেন (আ.) ও হযরত আব্বাসের (আ.) পবিত্র মাজারে বিশেষ শোক মিছিলের আয়োজন করা হবে।

পরিশেষে, শহীদ নেতার শেষ ইচ্ছা বা অসিয়ত অনুযায়ী বৃহস্পতিবার (৯ জুলাই) মাশহাদে অবস্থিত ইমাম রেজার (আ.) পবিত্র মাজার প্রাঙ্গণে তার দাফনকার্য সম্পন্ন হবে।

সূত্র: প্রেস টিভি