Advertisement

ককরোচ আন্দোলনে ব্যারিকেড ভাঙার দৃশ্য দাবিতে সিনেমার শুটিংয়ের ভিডিও প্রচার

এশিয়া পোস্ট ডেস্ক
ককরোচ আন্দোলনে ব্যারিকেড ভাঙার দৃশ্য দাবিতে সিনেমার শুটিংয়ের ভিডিও প্রচার
ককরোচ আন্দোলনে ব্যারিকেড ভাঙার দাবিতে সিনেমার শুটিংয়ের ভিডিও প্রচার। ছবি : ফেসবুক

‘ভারতে সিনেম্যাটিক স্টাইলে পুলিশের ব্যারিকেড ভাঙলো আন্দোলনকারীরা’ এমন ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে। এতে দেখা যায় একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে এগিয়ে এলে পুলিশ ব্যারিকেড রেখে পালিয়ে যাচ্ছে এবং পুরো দৃশ্যটি উৎসুক জনতা ফোনের ক্যামেরায় ধারণ করছে।

তবে এশিয়া পোস্ট যাচাই করে দাবিটির সত্যতা পায়নি। বরং একটি সিনেমার শুটিংয়ের দৃশ্যকে এ ধরনের ক্যাপশনে প্রচার করা হচ্ছে।

প্রচারিত ভিডিওটির কয়েকটি গুরুত্বপূর্ণ ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করা হলে ইউটিউবে একাধিক ভিডিও পাওয়া যায়, যার সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওটি হুবহু মিলে যায়। ভিডিওটির ফ্রেমের মধ্যে ইংরেজি অক্ষরে হিন্দি ভাষায় লেখা হয়েছে ‘অযোধ্যায় অনুপম খেরের মুভির শুটিং’।

এ বিষয়ে আরও অনুসন্ধানে অভিনেতা অনুপম খেরের ‘শ্রী রাম ভূমি’ নামের একটি সিনেমার নাম পাওয়া যায়। এ সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চে সেই বাস এবং স্থানটির বিস্তারিত চিত্র দেখা যায় এমন একটি ভিডিও পাওয়া যায়। ইউটিউবে পোস্ট করা ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, “ভগবান শ্রীরামের জন্মভূমির ওপর তৈরি হতে যাওয়া সিনেমা ‘শ্রী রাম ভূমি‘-র শুটিং শুরু হয়ে গেছে। সিনেমার প্রথম শুটিং শিডিউল অযোধ্যাতেই সম্পন্ন হচ্ছে।”

সিনেমাটির সঙ্গে সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার বিনোদন বিভাগ টাইমস এন্টারটেইনমেন্ট এ সম্পর্কিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটির ক্যাপশনে জানানো হচ্ছে, “অনুপম খের নিশ্চিত করেছেন যে তিনি ‘শ্রী রাম ভূমি’ সিনেমায় অশোক সিংঘলের চরিত্রে অভিনয় করছেন।”

অর্থাৎ, ভারতে আন্দোলনকারীরা বাস দিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলার দাবিতে প্রচারতি ভিডিওটি মূলত এটি একটি সিনেমার শুটিংয়ের দৃশ্য।

বিষয় :asiapost