জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ সরকার : ড. ইফতেখারুজ্জামান

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান অভিযোগ করে বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এ নিয়ে আমরা খুব বিব্রত। জ্বালানি নিয়ে এ সরকারের কাজ নিয়ে অবশ্যই শ্বেতপত্র প্রকাশ করতে হবে।
রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে সোমবার (২৬ জানুয়ারি) সকালে আন্তর্জাতিক পরিচ্ছন্ন জ্বালানি দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।
ড. ইফতেখারুজ্জামান প্রধান উপদেষ্টাকে প্রশ্ন রেখে বলেন, তিনি (প্রধান উপদেষ্টা) বিশ্বের অনেক জায়গায় থ্রি জিরোর কথা বলেছেন। কিন্তু ড. ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর দেশে কি একবারও থ্রি জিরোর কথা বলেছেন?
তিনি বলেন, কয়েক দিন পর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে জ্বালানি নিয়ে মহাপরিকল্পনা নিয়েছে সরকার, তবে অনুমোদন দেয়নি-আর অনুমোদন দিলেও প্রত্যাখ্যান করতাম।
এই সরকারের মূল বৈশিষ্ট্য অংশীজনদের এড়িয়ে নিজেদের মতো সিদ্ধান্ত নেওয়া, যা বিভিন্ন অধ্যাদেশ জারি করার মতো। এটা কখনোই গ্রহণযোগ্য নয় বলে জানান ড. ইফতেখারুজ্জামান।