আড়াই বছরের মেহেদীর রশিতে বাঁধা শৈশবের অবসান ঘটালেন বাবর

ঢাকার ব্যস্ত ফুটপাতে রশিতে বাঁধা আড়াই বছরের অবুঝ শিশু মেহেদীর সেই বন্দি শৈশবের অবসান ঘটেছে। হৃদয়বিদারক এই খবরটি নজরে আসার পরপরই অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়েছেন নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তিনি শিশু মেহেদীসহ তার পুরো পরিবারের পুনর্বাসনের দায়িত্ব নিয়েছেন।
সচিবালয়ের পাশের ফুটপাতে নিয়মিত দেখা যেত এক করুণ দৃশ্য। আড়াই বছরের শিশু মেহেদীর কোমরে রশি বাঁধা, আর তার মা মুক্তা বেগম প্লাস্টিকের বোতল কুড়াতে ব্যস্ত।
সন্তানকে কেনো এভাবে বেঁধে রাখা, জানতে চাইলে মা মুক্তা বেগম অশ্রুসজল চোখে বলেন, কী করতাম! বোতল টুকাইতে গেছি। পুলাডা রাস্তার দিকে দৌড় দেয়। গাড়ি-ঘোড়ার ভয়ে বাইন্দা যাওন ছাড়া উপায় আছে? পুলাডার খাওন হয় না। সারা দিন এহানে শুইয়া–বইসা থাহে। আমি বোতল টুকাইয়া দশ টেহা, বিশ টেহা পাই। কেউ কিছু দিলে খাওয়াইতে পারি, না দিলে না খাইয়্যা থাহে।
মুক্তা বেগমের বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায়। প্রথম স্বামীর ঘরে দুই ছেলেমেয়ে থাকলেও দ্বিতীয় ঘরের একমাত্র সন্তান এই মেহেদী। তবে মেহেদী হওয়ার আগেই স্বামী তাকে ফেলে চলে যান। সব মিলিয়ে এক চরম অসহায়ত্বের মুখোমুখি দাঁড়িয়ে ছিল এই পরিবারটি।
মেহেদীর এই বন্দি শৈশব ও চরম দারিদ্র্যের খবরটি নজরে আসতেই তাৎক্ষণিকভাবে সহায়তার হাত বাড়িয়ে দেন নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।
তিনি শিশু মেহেদীর ভবিষ্যতের জন্য পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন। সেই সঙ্গে মা মুক্তা বেগমের স্থায়ী আয়ের জন্য একটি চাকরির ব্যবস্থা এবং বড় ছেলেকে মাদকাসক্তি থেকে ফিরিয়ে এনে সুস্থ করার পর তার জন্যও একটি উপযুক্ত কর্মসংস্থানের পূর্ণ আশ্বাস দিয়েছেন।
ফুটপাতের অবর্ণনীয় কষ্ট আর কোমরের নির্মম দড়ির বাঁধন ছিঁড়ে আড়াই বছরের মেহেদী ও তার পরিবার এখন এক নতুন আলোর পথের যাত্রী।
.png)





