আদাবরে বিএনপি নেতা আবুল বাশার হত্যায় গ্রেপ্তার ৪

এশিয়া পোস্ট প্রতিবেদক
আদাবরে বিএনপি নেতা আবুল বাশার হত্যায় গ্রেপ্তার ৪
সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম। ছবি: এশিয়া পোস্ট

রাজধানীর আদাবর থানার নবোদয় হাউজিং এলাকায় বিএনপি নেতা আবুল বাশার হত্যা মামলায় চার আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারের সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকুও উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম এসব কথা জানান।

তিনি বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য এবং প্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করা হয়। পরে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সাহেবনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন রিপন (২৭), নিরব (২৫), মজনু মিয়া (৬০) ও মো. মিজানুর রহমান (৪০)। বৃহস্পতিবার দিনগত রাতে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয় বলে দাবি পুলিশের।

ডিবি প্রধানের ভাষ্য অনুযায়ী, গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে আদাবরের নবোদয় হাউজিংয়ের চার রাস্তার মোড় এলাকায় পূর্ব বিরোধের জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক মো. আবুল বাশার (৪৫) ও মো. সাদ্দাম হোসেন (৩৫) গুরুতর আহত হন।

আহতদের প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে আবুল বাশার মারা যান। সাদ্দাম হোসেন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ডিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, গত ২৯ জুন রাতে বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ব্রাজিল-জাপান ম্যাচ দেখা এবং বাঁশি বাজানোকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। সেই বিরোধের ধারাবাহিকতায় ১ জুলাই রাতে নবোদয় কাঁচাবাজারসংলগ্ন ডি-ব্লকের ১ নম্বর সড়কে অনুষ্ঠিত একটি সালিশ বৈঠকের শেষ পর্যায়ে আবারও সংঘর্ষ বাঁধে। ওই সংঘর্ষেই আবুল বাশার ও সাদ্দাম হোসেন ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন।

ডিবি জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মামলার তদন্তও অব্যাহত আছে।