মেয়াদোত্তীর্ণ পণ্য দিয়ে খাবার উৎপাদন ও অগ্রিম তারিখ দিচ্ছিল তারা

এশিয়া পোস্ট প্রতিবেদক
মেয়াদোত্তীর্ণ পণ্য দিয়ে খাবার উৎপাদন ও অগ্রিম তারিখ দিচ্ছিল তারা
ছবি : এশিয়া পোস্ট

মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহার করে খাবার উৎপাদন ও সেই খাবারে অগ্রিম তারিখ দেওয়ার অভিযোগে রাজধানীর উত্তরখানের আম্বার বেক এন্ড পেস্টি নামের একটি বেকারিকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার।

Advertisement

জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৯ জুন) দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ওই বেকারিতে এ অভিযান চালানো হয়।

অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক নয়ন কুমার সাহা। এতে সহযোগিতা করে উত্তরখান থানা পুলিশ।

ছবি: এশিয়া পোস্ট
ছবি: এশিয়া পোস্ট

আভিযানিক দল জানায়, ওই বেকারিটির মালিক মহসিন রেজা। অভিযানে বেকারি নোংরা পরিবেশের পাশাপাশি অননুমোদিত খাবার রং ব্যবহার করার প্রমাণ পাওয়া গেছে।

অভিযানের বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা মেট্রোপলিটন কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল সালাম সরকার এশিয়া পোস্টকে বলেন, আম্বার বেক এন্ড পেস্টি নামের এই বেকারিতে উৎপাদিত খাবারের মোড়কে অগ্রিম তারিখ অর্থাৎ আজ উৎপাদন করে আগামীকালের তারিখ বসানো হতো। এ ছাড়া তারা অননুমোদিত খাবারের রং ব্যবহার করত।

তিনি আরও বলেন, উৎপাদিত খাবারের পণ্যগুলোর মেয়াদ উত্তীর্ণ ছিল। এ ঘটনায় বেকারির মালিক মহসিন রেজাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।