Advertisement

মোহাম্মদপুরে রাস্তায় আটকে ব্যবসায়ী পরিবারকে মারধরের অভিযোগ

এশিয়া পোস্ট প্রতিবেদক
মোহাম্মদপুরে রাস্তায় আটকে ব্যবসায়ী পরিবারকে মারধরের অভিযোগ
এশিয়া পোস্ট গ্রাফিক্স

রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় পূর্ব শত্রুতার জেরে এক ব্যবসায়ী পরিবারের সদস্যদের ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে। হামলায় ওই পরিবারের সাতজন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিছেন স্বজনরা। এ ঘটনায় শুক্রবার (৩১ জুলাই) মোহাম্মদপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।

অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে পুরান ঢাকা থেকে লালমাটিয়ার বাসায় ফিরছিলেন ফারজানা কবির শান্ত, তার স্বামী আবু নাইম, মেয়ে আয়েশা, শাশুড়ি জোসনা বেগম এবং দুই ননদ আনিকা ও লুবাবা। লালমাটিয়া ‘এ’ ব্লকের পানির ট্যাংকের সামনে পৌঁছালে ভ্যান, মোটরসাইকেল ও একটি গাড়ি দিয়ে তাদের পথরোধ করা হয়।

ভুক্তভোগীদের দাবি, আবু নাইম গাড়ি থেকে নেমে পথরোধের কারণ জানতে চাইলে একদল ব্যক্তি তার ওপর হামলা চালান। খবর পেয়ে উদ্ধার করতে গেলে পরিবারের আরও দুই সদস্য আব্দুল্লাহ আল নাহিদ ও নাজমুল হাসানকেও মারধর করা হয়।

অভিযোগে বলা হয়েছে, হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ভুক্তভোগীদের কাছে থাকা স্বর্ণালঙ্কার ও একটি দামি হাতঘড়ি ছিনিয়ে নেয়। পাশাপাশি তাদের ব্যবহৃত গাড়িও ভাঙচুর করা হয়, যাতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা হুমকি-ধমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে আব্দুল্লাহ আল নাহিদ ও নাজমুল হাসানের অবস্থা গুরুতর বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

আহত আবু নাইমের মামা সোহেল আহমেদ বলেন, কোনো কারণ ছাড়া তারা হামলা করেছে। আমার দুই ভাগিনা স্কয়ার হাসপাতালে আইসিইউতে ভর্তি রয়েছেন। তাদের শরীরের বিভিন্ন স্থানে সেলাই দিতে হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান বলেন, আমরা প্রাথমিকভাবে তদন্ত করে জানতে পেরেছি, রাতে গাড়ি নিয়ে ব্যবসায়ী পরিবারটি বের হচ্ছিল। এ সময় বাসার গেটের সামনে একটি রিকশার সঙ্গে গাড়ির ধাক্কা লাগে। পরে উভয় পক্ষের মধ্যে বেশ কিছু সময় ধরে মারামরি হয়। এতে দুই পক্ষেরই আহত হয়েছেন। আমরা অভিযোগ পেয়েছি। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।