নাটোরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুজন নিহত

এশিয়া পোস্ট নিউজ, নাটোর
নাটোরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুজন নিহত
হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ছবি: এশিয়া পোস্ট

নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে উপজেলার বনপাড়া-পাবনা মহাসড়কের রাজাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন বড়াইগ্রামের গড়মাটি এলাকার তফেজ উদ্দিনের ছেলে অটোরিকশার চালক রান্টু ইসলাম ও যাত্রী বড়াইগ্রামের পার গোপালপুর গ্রামের মৃত কৃপানাথ বিশ্বাসের ছেলে তৌলক্ষ্য বিশ্বাস। এ দুর্ঘটনায় শিপন খান নামে অটোরিকশার আরেক যাত্রী আহত হয়েছেন।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ও স্থানীয়রা বলেন, বড়াইগ্রামের বনপাড়া থেকে ঈশ্বরদীগামী মালবোঝাই একটি ট্রাক রাজাপুর এলাকায় পৌঁছালে গড়মাটি থেকে বনপাড়াগামী যাত্রীবাহী একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশার চালক রান্টু ইসলাম ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত হন ইজিবাইকের দুই যাত্রী।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ পুলিশ হেফাজতে নেয় এবং আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তৌরক্ষ্য বিশ্বাসকে মৃত ঘোষণা করেন। আপর আহত যুবক শিপন খানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকাৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সংঘর্ষের পর ট্রাক নিয়ে পালিয়ে যান চালক। ট্রাকসহ ট্রাকের চালককে আটকের জন্য অভিযান শুরু করেছে পুলিশ।

বিষয় :নাটোর