বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল যুবকের

এশিয়া পোস্ট নিউজ, নাটোর
বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল যুবকের
ছবি : সংগৃহীত

নাটোরের সিংড়ায় বিলে মাছ ধরার সময় বজ্রপাতে ইসমাইল হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে উপজেলার ইটালি ইউনিয়নের মুন্সি বাঁশবাড়িয়া গ্রামের দক্ষিণ মাঠের বিলে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ইসমাইল হোসেন একই গ্রামের মৃত কামিল উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোর থেকেই এলাকায় বৃষ্টি হচ্ছিল। সকালে ইসমাইল হোসেন বৃষ্টির মধ্যে মাছ ধরার জাল নিয়ে বাড়ির পাশের দক্ষিণ মাঠের বিলে মাছ ধরতে যান। মাছ ধরার একপর্যায়ে হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে তাকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে স্বজনরা তার মরদেহ বাড়িতে নিয়ে যান।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিষয় :নাটোর