কেনিয়ায় স্কয়ারের মেগা প্রকল্প পরিদর্শনে সাত দেশের কূটনীতিকরা

আফ্রিকান অঞ্চলে কেনিয়াকে প্রধান ওষুধ উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে বড় ভূমিকা রাখছে বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস।
আফ্রিকার বাজারে স্থানীয় উৎপাদন জোরদারের অংশ হিসেবে সম্প্রতি কেনিয়ার আথি রিভারে অবস্থিত স্কয়ার ফার্মাসিউটিক্যালস কেনিয়া ইপিজেড লিমিটেডের অত্যাধুনিক কারখানা পরিদর্শন করেছেন সাত দেশের হাইকমিশনার, রাষ্ট্রদূত ও জ্যেষ্ঠ কূটনীতিকরা।
প্রতিনিধিদলে ছিলেন বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, রুয়ান্ডা, সোমালিয়া ও শ্রীলঙ্কার উচ্চপর্যায়ের কূটনীতিকরা। পরিদর্শনকালে তারা আফ্রিকায় বাংলাদেশের ওষুধ খাতের এমন অগ্রগামী ভূমিকা ও আধুনিক প্রযুক্তির প্রসারের প্রশংসা করেন।
প্রায় সাড়ে সাত কোটি মার্কিন ডলার (৭৫ মিলিয়ন ডলার) বিনিয়োগে নির্মিত এই মেগা কারখানাটি বর্তমানে পূর্ব ও মধ্য আফ্রিকার অন্যতম বৃহৎ ওষুধ উৎপাদন কেন্দ্র। আন্তর্জাতিক মানদণ্ড (GMP) মেনে পরিচালিত কারখানাটির বার্ষিক উৎপাদন ক্ষমতা ২০০ কোটিরও বেশি ট্যাবলেট, ক্যাপসুল ও স্যাশে।
স্কয়ার ফার্মাসিউটিক্যালস কেনিয়া ইপিজেড লিমিটেডের পরিচালক ড. আই. এম. কাইলেমিয়া বলেন, বাংলাদেশের ওষুধ শিল্পের দীর্ঘ দিনের অভিজ্ঞতা ও সাফল্যকে কাজে লাগিয়ে কেনিয়ায় নিজস্ব উৎপাদন বাড়ানো, প্রযুক্তি হস্তান্তর, কর্মসংস্থান সৃষ্টি এবং আফ্রিকাজুড়ে সাশ্রয়ী মূল্যে মানসম্মত ওষুধ পৌঁছে দিতে তারা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন।
.png)






