ময়মনসিংহে দলিল লেখক হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

ময়মনসিংহে দলিল লেখক আবু জাকারিয়া মিন্টু হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে এ মামলায় আরও ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১৫ জুলাই) দুপুরে ময়মনসিংহের স্পেশাল জজ আদলতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, ফরিদ খলিফা ও মাসুদ মিয়া। এর মধ্যে মাসুদ মিয়া পলাতক রয়েছেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন, আব্দুল মতিন, আব্দুস সামাদ, মোশারফ হোসেন মোসা, মোফাজ্জল হোসেন মোসা, তোফাজ্জল হোসেন তোফা, নাজমুল মিয়া, মোখলেছুর রহমান, শাহজাহান আকন্দ, আতিকুল ইসলাম ও সিদ্দিক মিয়া।
মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৪ আগস্ট জমিসংক্রান্ত বিরোধের জেরে ভালুকা সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক আবু জাকারিয়া মিন্টুকে কুপিয়ে হত্যা করা হয়। পরদিন নিহতের স্ত্রী লতিফা খাতুন বাদী হয়ে ভালুকা থানায় ১৬ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ১৩ বছর পর এ মামলার রায় ঘোষণা করা হয়।
এ রায়ে সন্তোষ প্রকাশ করে বাদীপক্ষের আইনজীবী ও নিহতের স্বজনরা দ্রুত রায় কার্যকরের দাবি জানান।
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আকরাম হোসেন বলেন, মামলায় সাক্ষ্য-প্রমাণ ও সাক্ষীদের জবানবন্দি পর্যালোচনা করে আদালত এ রায় দিয়েছেন।





