দল থেকে বহিষ্কার, নজরুলের সংসদ সদস্য পদ নিয়ে কী বললেন শিশির মনির

বাংলাদেশ জামায়াত ইসলামী থেকে সদ্য বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সংসদীয় আসন থাকা নিয়ে ব্যাখ্যা দিয়েছেন আইনজীবী শিশির মনির।
তিনি বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদে আছে পদত্যাগ, তিনি হয়েছেন বহিষ্কার। জামায়াত আজকেই নির্বাচন কমিশনকে জানিয়ে দিচ্ছে। কারণ, নৈতিকস্খলন। প্রশ্ন হচ্ছে সংসদ সদস্য থাকতে পারবেন কি না? আমার মতে না।
বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে এসব তথ্য জানান শিশির মনির।
এদিকে সাংগঠনিক তদন্তে নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় গঠনতন্ত্রের ৬২ নং ধারা অনুযায়ী সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করে বাংলাদেশ জামায়াত ইসলামী। একইসাথে তাকে সংগঠন থেকে বহিষ্কারের বিষয়টি বাংলাদেশ নির্বাচন কমিশনকে অবিলম্বে অবহিত করার সিদ্ধান্ত নেয় দল।
বিকেল ৪টায় রাজধানীর মিন্টো রোডস্থ বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। এই বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
.png)





