দেশের সঙ্গে আমিরাতের দুই কেন্দ্রে এইচএসসি পরীক্ষা শুরু

এশিয়া পোস্ট নিউজ, দুবাই
দেশের সঙ্গে আমিরাতের দুই কেন্দ্রে এইচএসসি পরীক্ষা শুরু
আমিরাতের একটি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। ছবি: এশিয়া পোস্ট

বাংলাদেশের সঙ্গে মিল রেখে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে সংযুক্ত আরব আমিরাতেও এইচএসসি-২০২৬ পরীক্ষা শুরু হয়েছে। আমিরাতে বাংলাদেশি দুটি শিক্ষা প্রতিষ্ঠান যথাক্রমে আবুধাবী শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল এন্ড কলেজ এবং রাস আল খাইমাহ বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল এন্ড কলেজে অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

বৃহস্পতিবার (২ জুলাই) স্থানীয় সময় সকাল ১০টায় বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে এ বছরের পরীক্ষা শুরু হয়।

রাস আল খাইমাহ বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল এন্ড কলেজে এই বছর মোট ১৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। এর মধ্যে ব্যবসায় শিক্ষা শাখা থেকে ১১ জন—যার মধ্যে ৫ জন ছাত্রী ও ৬ জন ছাত্র এবং বিজ্ঞান শাখা থেকে ৬ জন শিক্ষার্থী—যার মধ্যে ৫ জন ছাত্রী ও ১ জন ছাত্র রয়েছে।

এই কেন্দ্রে স্কুলের একাডেমিক কাউন্সিলর মো. আজিজুর রহমান কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন। এছাড়া দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের প্রথম সচিব জনাব ইকবালুর রহমান কেন্দ্র পরিদর্শকের দায়িত্ব পালন করেন।

এদিকে রাজধানী আবুধাবীর শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল এন্ড কলেজ কেন্দ্রে মোট ১৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এর মধ্যে নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ছাত্র ৬ জন এবং ছাত্রী ৯ জন।

এই কেন্দ্রে হল সুপারের দায়িত্বে ছিলেন প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল মিসেস কিরন আক্তার এবং কেন্দ্র পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন আবুধাবি বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (শ্রম) মুহাম্মদ উল্লাহ খান।

পরীক্ষার প্রথম দিনে সকল পরীক্ষার্থী নির্ধারিত সময়ের আগে কেন্দ্রে উপস্থিত হয়ে সফলভাবে পরীক্ষায় অংশগ্রহণ করে। প্রবাসের মাটিতে দেশের আদলে সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা দিতে পেরে পরীক্ষার্থী ও অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেছেন। এবারের পরীক্ষায় অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা পূর্বের চেয়েও ভালো ফলাফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।