রাঙামাটিতে টানা বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত

এশিয়া পোস্ট নিউজ, রাঙামাটি
রাঙামাটিতে টানা বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত
টানা বর্ষণে প্লাবিত উপজেলা পরিষদের কার্যালয়। ছবি: এশিয়া পোস্ট

রাঙামাটিতে টানা চার দিনের ভারী বর্ষণে বাঘাইছড়ি ও বিলাইছড়ি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল থেকে বৃষ্টিপাত কমলেও প্লাবিত এলাকার সংখ্যা বাড়ছে।

জানা গেছে, বাঘাইছড়ি পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ড ও ইউনিয়নের বসতঘর বন্যার পানিতে ডুবে আছে। এতে চরম বিপাকে পড়েছেন বাসিন্দারা। অনেকেই গৃহপালিত পশুপাখি নিয়ে আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। এছাড়া বিলাইছড়ির ফারুয়া বাজার ও কিছু গ্রাম পাহাড়ি ঢলের পানিতে ডুবে গেছে। অন্যদিকে খাগড়াছড়ির মহালছড়ি সড়ক ডুবে থাকায় রাঙামাটির সঙ্গে সড়ক যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে।

ছবি: এশিয়া পোস্ট
ছবি: এশিয়া পোস্ট

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান জানান, বাঘাইছড়িতে ভারী বর্ষণের কারণে বন্যার সৃষ্টি হয়েছে। পৌরসভায় তিনটিসহ উপজেলায় মোট ১৪টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, যেখানে প্রায় এক হাজার ২৭২ জন মানুষ অবস্থান করছেন।

জেলা প্রশাসনের তথ্যমতে, জেলায় মোট ১৪০টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, যেখানে মোট চার হাজার ১৬৬ জন আশ্রয় নিয়েছেন। চলমান ভারী বর্ষণে জেলার ছোট-বড় মোট ৯৭টি স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এরমধ্যে বিলাইছড়িতে ৩৭, কাউখালীতে ৩০, কাপ্তাইয়ে ১৫, সদরে ১০, বাঘাইছড়িতে ৩ এবং নানিয়ারচরে দুটি স্থান রয়েছে।

রাঙামাটি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

বিষয় :রাঙামাটি