মসজিদ থেকে ১৭ সিলিং ফ্যান চুরি, চোরসহ ব্যবসায়ী গ্রেপ্তার

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদ থেকে বিভিন্ন সময়ে ১৭টি সিলিং ফ্যান চুরির ঘটনায় মূল হোতাসহ চোরাই মাল কেনার অপরাধে এক ইলেকট্রনিকস ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৩ জুলাই) বিকেলে হোসেনপুর থানা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেপ্তাররা হলেন উপজেলার পশ্চিম দীপেশ্বর গ্রামের স্বপনের ছেলে পারভেজ মোশারফ ওরফে বেলা (২৪) এবং নতুন বাজার এলাকার ইলেকট্রনিকস ব্যবসায়ী হলুদ মিয়া।
পুলিশ জানায়, গত মে মাস থেকে ৯ জুলাই পর্যন্ত বিভিন্ন সময়ে হাসপাতাল জামে মসজিদ থেকে ধাপে ধাপে মোট ১৭টি সিলিং ফ্যান চুরি হয়। এ ঘটনায় মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে হোসেনপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আমিনুর রহমান ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চোর চক্রের সদস্য পারভেজ মোশারফকে শনাক্ত করেন। পরে একটি বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
হোসেনপুর থানা পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পারভেজের দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার নতুন বাজার এলাকার হলুদ মিয়ার ইলেকট্রনিকসের দোকানে অভিযান চালানো হয়। সেখান থেকে চুরি হওয়া দুটি সিলিং ফ্যান উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের মুখে ব্যবসায়ী হলুদ মিয়া স্বীকার করেন, তিনি পারভেজের কাছ থেকে চুরি করা চারটি সিলিং ফ্যান প্রতিটি মাত্র ৬০০ টাকা দরে কিনেছিলেন। পরবর্তীতে এর মধ্যে দুটি ফ্যান তিনি ১২০০ টাকা দরে অন্য গ্রাহকের কাছে বিক্রি করে দেন।
এ বিষয়ে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, চোরাই মাল ক্রয় ও সংরক্ষণের অভিযোগে হলুদ মিয়াকেও গ্রেপ্তার করা হয়েছে। পরে দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।





