শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাভারে সড়ক অবরোধ

সারা দেশের বিভিন্ন স্থানের মতো সাভারেও শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন কলেজ শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজা বাসস্ট্যান্ড এলাকায় এই বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়।
জানা গেছে, দুপুরে সাভার সরকারি কলেজের শিক্ষার্থীরা পাকিজা বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়কের আরিচামুখী লেনে অবস্থান নেন। মাত্র পাঁচ মিনিটের মতো সংক্ষিপ্ত সময় সড়ক অবরোধ রাখার পর শিক্ষার্থীরা স্বেচ্ছায় মহাসড়ক থেকে সরে যান।
এ সময় শিক্ষার্থীরা দাবি করেন, চলমান দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখতে হবে। একই সঙ্গে দেশজুড়ে বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়ার জোর দাবি জানান তারা।
এ ছাড়া আগামী ২৪ ঘণ্টার মধ্যে বর্তমান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিও তোলেন আন্দোলনকারীরা।
এদিকে আন্দোলনের ধারাবাহিকতায় মঙ্গলবার (১৪ জুলাই) সকালেও পরবর্তী কর্মসূচি ঘোষণা করেছেন সাভার কলেজের শিক্ষার্থীরা।





