প্রাথমিক বিদ্যালয়ে জিয়া পরিবারের ৩ বই রাখার নির্দেশনা বাতিল

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’, ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ এবং ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক তিনটি বই সংরক্ষণের নির্দেশনা বাতিল করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় গত মাসে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য একটি নির্দেশনাপত্র দিয়েছিল।
সোমবার (৬ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব রওশন আরা পলি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরিতে পঠনের জন্য (৩টি বইয়ের সমন্বয়ে) এক সেট বই সংরক্ষণ। উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’, ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ এবং ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক তিনটি বইয়ের সমন্বয়ে এক সেট বই সংরক্ষণের জন্য গত ৩ জুলাই তারিখের ৩৮.০০.০০০০.০০৭.০৭.০০০১.২৫-১৫০ নং স্মারকের পত্রটি নির্দেশক্রমে বাতিল করা হলো।
জানা গেছে, গত মাসে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ‘প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরিতে পঠনের জন্য (তিনটি বইয়ের সমন্বয়ে) ১ সেট বই সংরক্ষণ’ নামে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর নির্দেশনাপত্র দেয়। সেখানে ওপরের তিনটি বইয়ের সমন্বয়ে এক সেট বই সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছিল।




