৭৫ হাজার পদে দ্রুত বিজ্ঞপ্তি দিতে শিক্ষামন্ত্রীকে চিঠি

এশিয়া পোস্ট ডেস্ক
৭৫ হাজার পদে দ্রুত বিজ্ঞপ্তি দিতে শিক্ষামন্ত্রীকে চিঠি
ছবি : সংগৃহীত

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১৮তম নিবন্ধনধারীদের জন্য সংরক্ষিত ৬ হাজার পদ বাতিলসহ ৭৫ হাজার পদে দ্রুত বিজ্ঞপ্তি দেওয়ার আবেদন জানিয়েছেন ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিপ্রত্যাশী প্রার্থীরা।

বৃহস্পতিবার (৯ জুলাই) শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বরাবর একটি চিঠিতে এ দাবি জানান তারা।

আবেদনে তারা বলেন, ‘দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এনটিআরসিএ কর্তৃক গত ২৯ মার্চ প্রকাশিত ই-রিকুইজেশন বিজ্ঞপ্তির মাধ্যমে ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে ৭৭ হাজার ৭৯৯টি শূন্য পদের ই-রিকুইজিশন সংগ্রহ করে।’

‘পরে যাচাই-বাছাই শেষে ৭৫ হাজার ৭৬৯টি শূন্যপদ চূড়ান্ত করা হয় বর্তমানে ওই শূন্য পদগুলোর ভিত্তিতে প্রথম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম চলমান রয়েছে। কিন্তু একই সঙ্গে শূন্য পদ থেকে প্রায় ৬ হাজার পদ ১৮তম নিবন্ধনধারীদের জন্য সংরক্ষণের প্রস্তাবের খবর আমাদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।’

তারা আরও বলেন, ‘১৮তম নিবন্ধনে বঞ্চিত প্রায় ৬ হাজার প্রার্থীর অধিকাংশই প্রভাষক পদ-সংশ্লিষ্ট। ফলে এসব পদ সংরক্ষণ করা হলে ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিতে বিশেষ করে প্রভাষক পদের শূন্য পদ উল্লেখযোগ্যভাবে কমে যাবে।’

‘শূন্যপদ উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে পদার্থবিজ্ঞান, আরবি, গণিত, বাংলা, ইংরেজি, রসায়ন, ব্যবস্থাপনা, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, ইসলামের ইতিহাস, সমাজকর্ম, ফিন্যান্স, উদ্ভিদবিজ্ঞান, প্রাণীবিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে। এমনকি কিছু বিষয়ে কোনো শূন্য পদই অবশিষ্ট নাও থাকতে পারে। এতে প্রথম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রত্যাশী প্রার্থীরা তাদের ন্যায্য আবেদন করার সুযোগ থেকে বঞ্চিত হবে না।’

১৮তম নিবন্ধনধারীদের ইতোমধ্যে সাধারণ ও বিশেষ উভয় গণবিজ্ঞপ্তির মাধ্যমে মোট দুবার নিয়োগের সুযোগ দেওয়া হয়েছে। তাই পুনরায় প্রথম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির শূন্য পদ থেকে তাদের জন্য পৃথকভাবে পদ সংরক্ষণ ন্যায়সংগত হবে না বলেও জানান তারা।