আমির খানের জন্য আশীর্বাদ গৌরী

বলিউড পারফেকশনিস্ট আমির খান। সিনেমার পর্দায় পারফেক্ট হলেও ব্যক্তিজীবনে বারবার ব্যর্থতার কালো মেঘ তাকে ছেয়ে ধরেছে। জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে নতুন প্রশান্তির খোঁজ পেয়েছেন ৬১ বছর বয়সী আমির খান। প্রেমিকা গৌরী স্প্র্যাটকে তার জীবনের আশীর্বাদ বলে জানিয়েছেন অভিনেতা।
সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আমির জানান, গৌরীর সঙ্গে তার রসায়ন অত্যন্ত গভীর। এ সময় তিনি গৌরীকে পেয়ে নিজেকে খুব ভাগ্যবান বলে জানান। তিনি বলেন, ‘ওর সান্নিধ্যে আমি মানসিক শান্তি খুঁজে পাই। গৌরী আমার জীবনে আসার পর আমি নিজেকে ধন্য মনে করি। আমার মনে হয়, আজ আমি প্রকৃত পূর্ণতা পেয়েছি।’
১৯৮৬ সালে প্রথমবারের মতো রিনা দত্তের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন আমির। প্রথম স্ত্রীর ঘরে রয়েছে দুই সন্তান—ইরা খান ও জুনায়েদ খান। দীর্ঘদিনের মধুর সম্পর্ক ভাঙে ২০০২ সালে। এরপর চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করে থিতু হন। ১৬ বছর একসঙ্গে থেকে ২০২১ সালে তারা আলাদা হওয়ার ঘোষণা দেন।
কিরণের সঙ্গে বিচ্ছেদের পর খুবই খারাপ সময় যাচ্ছিল আমিরের। এরপর তার জীবনে আসে গৌরী স্প্রাট। বর্তমানে গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কে রয়েছেন এবং এই সম্পর্ক তাকে ‘সম্পূর্ণতা’ দিয়েছে বলেই মনে করেন বলিউড তারকা।
সাক্ষাৎকারে নিজের জীবনের ভুলগুলোও স্বীকার করেন। তার মতে, জীবনে কেউই নিখুঁত নয়। ‘থ্রি ইডিয়ট’ তারকা বলেন, ‘আমি জীবনের ভুলগুলো থেকে প্রতিনিয়ত শিখছি। আমি চেষ্টা করি সেই ভুলগুলোর পুনরাবৃত্তি না করতে।’
বিচ্ছেদ হলেও দুই প্রাক্তন স্ত্রীর সঙ্গে আমিরের সুসম্পর্ক আজও বজায় রয়েছে। গৌরী স্প্রাটটেরও আমিরের আগের দুই স্ত্রীর প্রতি রয়েছে অগাধ শ্রদ্ধা।




