ডাকসু ভিপি সাদিক কায়েমসহ ছাত্রশিবির থেকে ৯ নেতার বিদায়

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন ৯ জন ছাত্রনেতা। তাদের মধ্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমও রয়েছেন।
সোমবার (১৩ জুলাই) দুপুরে ছাত্রশিবিরের সদ্যবিদায়ী কেন্দ্রীয় মিডিয়া বিভাগের সহকারী প্রচার সম্পাদক নাজমুল হক মাহাদী এশিয়া পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ছাত্রশিবিরের সাধারণত এক বছর মেয়াদি সেটআপ হয়ে থাকে। তবে যদি সংগঠন প্রয়োজন মনে করেন তবে ষাণ্মাসিক সেটআপ হয়ে থাকে। সেখানে কেউ যদি উপযুক্ত কারণ উল্লেখ করে বিদায় বা ছুটি চান তাহলে সেটা আমলে নিয়ে কেন্দ্রীয় সভাপতি সেই ছুটি মঞ্জুর করেন। তারই আলোকে আমাদের ৯ জন সম্পাদক আনুষ্ঠানিকভাবে ছুটি নিয়েছেন।
ছাত্রশিবির থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেওয়া ৯ সম্পাদকদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম, কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী, কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদ, কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক মুহিবুর রহমান মুহিব, কেন্দ্রীয় প্লানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলাম, কেন্দ্রীয় ব্যবসায় শিক্ষা সম্পাদক নুরুল হুদা, কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক আরাফাত হোসেন মিলন, কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক হাবিবুর রহমান আরমান ও কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক শাহীন আহমেদ।





