Advertisement

ফাইনালের আগে শাস্তির শঙ্কায় আর্জেন্টিনা

এশিয়া পোস্ট স্পোর্টস
ফাইনালের আগে শাস্তির শঙ্কায় আর্জেন্টিনা
আলোচিত সেই ব্যানার। ছবি: গেটি ইমেজ

ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ ফাইনালে ওঠার উদ্‌যাপন নতুন বিতর্কে জড়িয়েছে আর্জেন্টিনা। ম্যাচ শেষে মাঠে মালভিনাস দ্বীপপুঞ্জ নিয়ে রাজনৈতিক বার্তাসংবলিত ব্যানার প্রদর্শন করায় ফিফার শাস্তির মুখে পড়তে পারে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

আটলান্টায় ইংল্যান্ডকে ২-১ গোলে হারানোর পর আর্জেন্টিনার কয়েকজন ফুটবলার একটি ব্যানার নিয়ে সমর্থকদের সামনে উদ্‌যাপন করেন। ব্যানারটিতে স্প্যানিশ ভাষায় লেখা ছিল, ‘লাস মালভিনাস সন আর্জেন্তিনাস’। যার অর্থ, ‘মালভিনাস আর্জেন্টিনার’।

জিওভানি লো সেলসো ও লিসান্দ্রো মার্তিনেজকে ব্যানারটি ধরে থাকতে দেখা যায়। সেটি সমর্থকদের গ্যালারি থেকে মাঠে এসেছিল বলে ধারণা করা হচ্ছে। একপর্যায়ে ব্যানারটি মাঠের ঘাসের ওপর বিছিয়েও রাখা হয়।

ফিফার স্টেডিয়াম আচরণবিধিতে রাজনৈতিক, আক্রমণাত্মক অথবা বৈষম্যমূলক বার্তাসংবলিত ব্যানার, পতাকা, পোশাক ও প্রচারসামগ্রী নিষিদ্ধ। ব্যানারটি রাজনৈতিক বার্তা হিসেবে বিবেচিত হলে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এবং সংশ্লিষ্ট খেলোয়াড়দের বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।

তবে এখন পর্যন্ত ফিফা কোনো তদন্ত বা অভিযোগের কথা আনুষ্ঠানিকভাবে জানায়নি। সংবাদমাধ্যমের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। ফলে সম্ভাব্য শাস্তির ধরনও এখনো নিশ্চিত নয়। জরিমানা হওয়ার সম্ভাবনার কথাই বেশি বলা হচ্ছে।

মালভিনাস দ্বীপপুঞ্জ যুক্তরাজ্যে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নামে পরিচিত। দক্ষিণ আটলান্টিকের দ্বীপগুলো বর্তমানে ব্রিটিশ প্রশাসনের অধীনে থাকলেও আর্জেন্টিনা দীর্ঘদিন ধরে এর সার্বভৌমত্ব দাবি করে আসছে। দ্বীপপুঞ্জের নিয়ন্ত্রণ নিয়ে ১৯৮২ সালে দুই দেশের মধ্যে যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে ৬৪৯ আর্জেন্টাইন ও ২৫৫ ব্রিটিশ সেনা নিহত হন।

রাজনৈতিক বার্তা ও সংঘাত এড়াতে ম্যাচের আগে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছিল। আর্জেন্টিনার নিরাপত্তামন্ত্রী আলেহান্দ্রা মন্তেওলিভা জানিয়েছিলেন, রাজনৈতিক কিংবা উসকানিমূলক বার্তাসংবলিত কোনো পতাকা বা ব্যানার নিয়ে দর্শকদের মাঠে প্রবেশ করতে দেওয়া হবে না। ম্যাচ ঘিরে প্রায় ১ হাজার ৬০০ নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছিল।

ম্যাচে অ্যান্থনি গর্ডনের গোলে পিছিয়ে পড়ার পর এনজো ফার্নান্দেজ ও লাউতারো মার্তিনেজের গোলে ২-১ ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা। আগামী রোববার স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে খেলবে লিওনেল স্কালোনির দল। তার আগে রাজনৈতিক ব্যানারের ঘটনাটি এখন ফিফার সম্ভাব্য সিদ্ধান্তের অপেক্ষায়।