Advertisement

পিরলো পরিকল্পনা ভেস্তে যেতেই ১৬ দিনে পদ ছাড়লেন মালদিনি

এশিয়া পোস্ট স্পোর্টস
পিরলো পরিকল্পনা ভেস্তে যেতেই ১৬ দিনে পদ ছাড়লেন মালদিনি
পাওলো মালদিনি। ছবি: রয়টার্স

ইতালির ফুটবলে সংকট যেন কাটছেই না। জাতীয় দলকে নতুন করে গড়ে তোলার দায়িত্ব নেওয়ার মাত্র ১৬ দিনের মাথায় ইতালিয়ান ফুটবল ফেডারেশনের কারিগরি পরিচালকের পদ ছাড়ছেন কিংবদন্তি পাওলো মালদিনি। তার উপদেষ্টা ও সাবেক ব্রাজিল তারকা লিওনার্দোও সরে দাঁড়িয়েছেন।

স্কাই স্পোর্ট ইতালিয়ার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, সোমবার নিজেদের সিদ্ধান্ত ফেডারেশনের সভাপতি জিওভান্নি মালাগোকে জানিয়েছেন মালদিনি ও লিওনার্দো। তবে ইতালিয়ান ফুটবল ফেডারেশন তাৎক্ষণিকভাবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি।

টানা তৃতীয়বার বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হওয়ার পর ইতালির ফুটবল কাঠামো পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়। সেই পরিকল্পনার অংশ হিসেবে গত ১১ জুলাই কারিগরি পরিচালক করা হয়েছিল মালদিনিকে। তার প্রধান দায়িত্ব ছিল জাতীয় দলের জন্য নতুন কোচ খুঁজে বের করা।

গেন্নারো গাত্তুসোর উত্তরসূরি হিসেবে মালদিনির প্রথম পছন্দ ছিলেন আন্দ্রেয়া পিরলো। পেপ গার্দিওলা ইতালির প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর ২০০৬ বিশ্বকাপজয়ী পিরলোকেই দায়িত্ব দেওয়ার পরিকল্পনা এগিয়ে নিচ্ছিলেন তিনি।

কিন্তু রাশিয়ার ক্রীড়া বাজির প্রতিষ্ঠান ফনবেটের সঙ্গে পিরলোর বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আপত্তি তোলেন ফেডারেশনের কয়েকজন কর্মকর্তা ও ইতালির আইনপ্রণেতারা। বিতর্কের মধ্যেই পিরলো জানান, তাকে আর ইতালির কোচ হিসেবে বিবেচনা করা হচ্ছে না। নিজের অবস্থান ব্যাখ্যা করে তিনি দাবি করেন, প্রতিষ্ঠানটির সঙ্গে তার সম্পর্ক পুরোপুরি বাণিজ্যিক ও খেলাধুলাকেন্দ্রিক, এর সঙ্গে কোনো রাজনৈতিক মতাদর্শের যোগ নেই।

পিরলোকে কোচ করার পরিকল্পনা ভেস্তে যাওয়ার পরই পদ ছাড়ার সিদ্ধান্ত নেন মালদিনি ও লিওনার্দো। তাদের বিদায়ে নতুন সভাপতি মালাগোর সামনে আরও বড় সংকট তৈরি হলো। কোচের পাশাপাশি জাতীয় দলের দীর্ঘমেয়াদি পরিকল্পনা দেখভালের দায়িত্বেও এখন কাউকে খুঁজতে হবে ফেডারেশনকে।

ইতালির কোচ হওয়ার দৌড়ে এখন রবার্তো মানচিনি, থিয়াগো মোত্তা ও আন্তোনিও কন্তের নাম আলোচনায় রয়েছে।