ঢাকা কলেজের অধ্যক্ষের হোয়াটসঅ্যাপ হ্যাক, চাওয়া হচ্ছে ১৮ হাজার টাকা

রাজধানীর ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক একেএম ইলিয়াসের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় অধ্যক্ষের ব্যবহৃত নম্বর থেকে বিভিন্ন ব্যক্তির কাছে ১৮ হাজার টাকা চেয়ে বার্তা পাঠানো হয়। ওই বার্তায় একটি বিকাশ নম্বর দিয়ে সেখানে টাকা পাঠানোর অনুরোধ করা হয়েছে।
হোয়াটসঅ্যাপ থেকে পাঠানো বার্তায় বলা হয়, এখন আমি একটা বিকাশ নম্বর দিলে কি ১৮ হাজার টাকা দেওয়া যাবে? এরপর একটি রবি নম্বরে ০১৮৮৫৩৪৫১৮৬ নম্বরে বিকাশের মাধ্যমে টাকা পাঠানোর জন্য অনুরোধ করা হয়।
এ বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক একেএম ইলিয়াস এশিয়া পোস্টকে বলেন, আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। টাকা পাঠানোর জন্য হ্যাকাররা সবাইকে মেসেজ দিচ্ছে। আমি দ্রুত এ সমস্যার সমাধান ও অ্যাকাউন্টটি পুনরুদ্ধারের চেষ্টা করছি।
অধ্যক্ষের নম্বর থেকে টাকা চেয়ে পাঠানো বার্তায় কাউকে সাড়া না দেওয়ার এবং কোনো ধরনের আর্থিক লেনদেন না করার পরামর্শ দিয়েছেন তিনি।