রথযাত্রায় নিশ্ছিদ্র নিরাপত্তা দেবে ডিএমপি

এশিয়া পোস্ট প্রতিবেদক
রথযাত্রায় নিশ্ছিদ্র নিরাপত্তা দেবে ডিএমপি
ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভা। ছবি: সংগৃহীত

আসন্ন রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শোভাযাত্রায় পিকেট ও টহল পার্টির পাশাপাশি সিসিটিভি নজরদারি, সাদা পোশাকে গোয়েন্দা সদস্য, ডিবি, সোয়াট, বোম্ব ডিসপোজাল টিম, হোন্ডা মোবাইল ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রোববার (১২ জুলাই) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় এসব সিদ্ধান্ত জানানো হয়।

সভায় জানানো হয়, আগামী ১৬ জুলাই রথযাত্রা এবং ২৪ জুলাই উল্টো রথযাত্রা উপলক্ষে শোভাযাত্রা নির্ধারিত রুট ও নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে নামাজ ও আজানের সময় লাউডস্পিকার ব্যবহার থেকে বিরত থাকা, নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগ, ব্যাগ বা পোটলা নিয়ে শোভাযাত্রায় অংশ না নেওয়া এবং সন্দেহজনক ব্যক্তি বা বস্তু দেখলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়।

সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, রাজধানীর রথযাত্রা একটি বড় ধর্মীয় শোভাযাত্রা হওয়ায় জনসমাগমও বেশি হবে। তাই সবাইকে সর্বোচ্চ সতর্ক ও সচেতন থাকতে হবে।

তিনি বলেন, উৎসবটি শান্তিপূর্ণ ও নিরাপদভাবে সম্পন্ন করতে ডিএমপির পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। প্রতিটি বিভাগের উপ-পুলিশ কমিশনার সংশ্লিষ্ট রথযাত্রা উদ্‌যাপন কমিটির সঙ্গে পৃথক সমন্বয় সভা করবেন এবং সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখবেন।

তিনি আরও বলেন, দায়িত্ব পালনকারী স্বেচ্ছাসেবকদের নির্ধারিত ভেস্ট পরিধান করতে হবে। সাদা পোশাকে নিরাপত্তা সদস্য ও লাইনিং ফোর্স মোতায়েন থাকবে। বৈদ্যুতিক লাইনের বিষয়ে সতর্ক থেকে দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকার আহ্বানও জানান তিনি। ছোট-বড় সব রথযাত্রাকেই সমান গুরুত্ব দিয়ে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ডিএমপি কমিশনার।

সভায় যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ, পিপিএম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরেন। এতে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি ডিজিএফআই, এনএসআই, এসবি, সিআইডি, দক্ষিণ সিটি করপোরেশন, ফায়ার সার্ভিসের প্রতিনিধি এবং রথযাত্রা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ অংশ নেন।