মোবাইল না দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে মামলা করতে থানায় ছেলে

মোবাইল কিনে না দেওয়া এবং ব্যবহার করতে বাধা দেওয়ার ক্ষোভ থেকে মা-বাবার বিরুদ্ধেই মারধরের অভিযোগ তুলে থানায় গিয়ে হাজির হয়েছে ১৪ বছর বয়সী ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী।
গতকাল রোববার (২০ সেপ্টেম্বর) রাতে চাঁদপুরের হাজীগঞ্জ থানায় এই ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৪ বছর বয়সী আল-আমিন হাজীগঞ্জ উপজেলার ৬ নম্বর বড়কুল পূর্ব ইউনিয়নের মোহনপুর গ্রামের সফিক মিয়ার ছেলে। সে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। রোববার রাত আনুমানিক ১০টার দিকে মা-বাবার বিরুদ্ধে মারধরের অভিযোগ নিয়ে বিচার চাইতে একাই হাজীগঞ্জ থানায় হাজির হয় সে।
ঘটনাটি জানতে পেরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাৎক্ষণিকভাবে শিশুটির সঙ্গে কথা বলতে উপপরিদর্শক (এসআই) জহির হোসেনকে দায়িত্ব দেন। পরে গভীর রাতেই ওই কিশোরের মা-বাবাকে জরুরি ভিত্তিতে থানায় ডেকে আনা হয়।
এসআই জহির হোসেন বলেন, ‘কিশোরটির সঙ্গে নিবিড়ভাবে কথা বলে জানা যায়, মা-বাবা তাকে মুঠোফোন ব্যবহার করতে না দেওয়ায় সে প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে উঠেছিল। সেই রাগ থেকেই সে থানায় এসে মা-বাবার বিরুদ্ধে তাকে মারধর করা হয়েছে বলে মিথ্যা অভিযোগ করে। তবে প্রকৃতপক্ষে তাকে কোনো শারীরিক প্রহার করা হয়নি।’
তিনি আরও জানান, কিশোরটির ভেতরের ক্ষোভ ও কষ্ট দূর করতে তাকে কিছুক্ষণ পারিবারিক অনুশাসন ও মোবাইল ব্যবহারের কুফল সম্পর্কে কাউন্সেলিং করা হয়। পরে বিষয়টি অনুধাবন করতে পেরে রাগ ভুলে কিশোরটি হাসিমুখে তার বাবার হাত ধরে বাড়ি ফিরে যায়।
