পেছাতে পারে ইংল্যান্ড-নরওয়ে কোয়ার্টার ফাইনাল

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নরওয়ে ও ইংল্যান্ডের লড়াইয়ের আগে আলোচনায় মায়ামির আবহাওয়া। ম্যাচ শুরুর সময় বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। তীব্র গরমের কারণে একই এলাকায় জারি করা হয়েছে তাপ সতর্কতাও।
মায়ামি গার্ডেনসের হার্ড রক স্টেডিয়ামে শনিবার স্থানীয় সময় বিকেল ৫টায় শুরু হওয়ার কথা ম্যাচটি। বাংলাদেশ সময় তখন রোববার ভোর ৩টা।
যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবার সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, মায়ামি গার্ডেনসে বিকেল ৫টার পর বৃষ্টি ও বজ্রঝড়ের আশঙ্কা ৩০ শতাংশ। দিনের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আর্দ্রতার কারণে অনুভূত তাপমাত্রা প্রায় ৪২ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।
স্থানীয় সময় বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মায়ামি গার্ডেনসে তাপ সতর্কতা জারি রয়েছে। অর্থাৎ ম্যাচ শুরুর সময়ও সতর্কতাটি কার্যকর থাকবে। দর্শকদের পর্যাপ্ত পানি পান, হালকা পোশাক পরা এবং দীর্ঘ সময় সরাসরি রোদে না থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া বিভাগ।
বজ্রপাত শুরু হলে ম্যাচের সূচিতে বিঘ্ন ঘটতে পারে। বিশ্বকাপে অনুসরণ করা নিরাপত্তা নীতি অনুযায়ী, স্টেডিয়ামের আট মাইলের মধ্যে বজ্রপাত শনাক্ত হলে খেলা বন্ধ রাখতে হবে। পরিস্থিতি নিরাপদ হওয়ার পর অন্তত ৩০ মিনিট বজ্রপাতমুক্ত থাকলেই আবার খেলা শুরু করা যাবে। এই সময়ের মধ্যে নতুন করে বজ্রপাত হলে ৩০ মিনিটের অপেক্ষা আবার শুরু হবে।
তবে এখন পর্যন্ত ম্যাচের সময় পরিবর্তন বা খেলা বিলম্বিত করার কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ঝড় স্টেডিয়াম এলাকা এড়িয়ে গেলে নির্ধারিত সময়েই ম্যাচ শুরু হতে পারে। শেষ মুহূর্তের আবহাওয়াই ঠিক করবে হ্যারি কেইন ও আর্লিং হলান্ডদের মাঠে নামতে অপেক্ষা করতে হবে কি না।




