জুলাইয়ের প্রথম শহীদ সাংবাদিক হাসান মেহেদীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

জুলাই গণঅভ্যুত্থানে পেশাগত দায়িত্ব পালনকালে নিহত প্রথম শহীদ সাংবাদিক ও দৈনিক ঢাকা টাইমস–এর সিনিয়র রিপোর্টার হাসান মেহেদীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ (১৮ জুলাই)।
২০২৪ সালের এই দিনে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় জুলাই আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হন তিনি। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরবর্তীতে তাকে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ সাংবাদিক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
হাসান মেহেদী ঢাকা টাইমসে দুর্নীতি দমন কমিশন (দুদক) বিটের সিনিয়র রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করতেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি পুরান ঢাকার সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের ২০১৪–১৫ শিক্ষাবর্ষের ডিগ্রি কোর্সের শিক্ষার্থী ছিলেন।
তিনি সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির উপদেষ্টাও ছিলেন। সমিতি প্রতিষ্ঠায় তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
হাসান মেহেদীর জন্ম ১৯৮৪ সালের ১ জানুয়ারি পটুয়াখালীর বাউফল উপজেলার হোসনাবাদ গ্রামে। তার বাবা মোশাররফ হোসেন এবং মা মাহমুদা বেগম। তিন ভাইবোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়।
পেশাগত কারণে তিনি পরিবার নিয়ে রাজধানীর কেরানীগঞ্জে বসবাস করতেন। ব্যক্তিজীবনে তিনি স্ত্রী ফারহানা ইসলাম পপি এবং দুই কন্যাসন্তান- মায়মুনা বিনতে নিশা ও মেহেরাশকে রেখে গেছেন।।
.png)





