জলাবদ্ধ সড়কে ধানের চারা রোপণ করে এলাকাবাসীর প্রতিবাদ

দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় জলাবদ্ধতায় কাঁদায় পরিণত হওয়া সড়কে ধানের চারা রোপণ করে অভিনব প্রতিবাদ জানিয়েছেন শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের বাসিন্দারা।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংযোগ সড়কে ধানের চারা লাগিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন এলাকাবাসী।
স্থানীয়রা জানান, প্রায় ১২ বছর ধরে সড়কটি বেহাল অবস্থায় পড়ে থাকায় সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে এবং জলাবদ্ধতার কারণে সামান্য বৃষ্টিতেই পুরো সড়ক পানিতে তলিয়ে যাচ্ছে। ফলে কাদা ও পানির কারণে চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
এলাকাবাসীর অভিযোগ, বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, নারী, বৃদ্ধ ও রোগীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। জরুরি প্রয়োজনে রোগী পরিবহন করাও হয়ে পড়েছে কঠিন।
প্রায় ২ হাজার মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম এই সড়কটি দীর্ঘদিন সংস্কারের কার্যকর কোনো উদ্যোগ না নেওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন এলাকাবাসী। এরই প্রতিবাদে স্থানীয়রা জলাবদ্ধ সড়কের মাঝেই ধানের চারা রোপণ করে অভিনব কর্মসূচি পালন করেন।
তাদের ভাষ্য, যে সড়ক বছরের পর বছর পানিতে ডুবে থাকে, সেটি আর রাস্তা নয়, যেন ধান চাষের জমিতে পরিণত হয়েছে। এভাবেই তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানান।
তাদের দাবি, বছরের পর বছর জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনও কোনো স্থায়ী সমাধান হয়নি।
এলাকাবাসীর প্রত্যাশা, জনদুর্ভোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সড়কটি সংস্কারের উদ্যোগ নেবে এবং দীর্ঘ ১২ বছরের ভোগান্তির অবসান ঘটাবে।





